logo

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী
গাছা থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার কথা জানান ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক দিলরুবা আক্তার মিলি। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুরের ভোগড়া এলাকায় ‘ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত হওয়ার গুজবে বিক্ষোভ করেছেন শ্রমিক ও স্থানীয়রা। তবে ওই নারী শ্রমিক মারা যাননি, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওই নারী শ্রমিক নিজেই কারখানা কর্মকর্তাদের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন। ওই দিন রাত ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে থানায় ওই নারী শ্রমিক বলেন, ‘আমার নাম দিলরুবা আক্তার মিলি। আমি ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের একজন অপারেটর। মঙ্গলবার মধ্যাহ্নবিরতির পর কর্মস্থলে ফেরার পথে কিছু বহিরাগত আমার ওপর হামলা চালায়। আমি তাদের বলেছি আমি গর্ভবতী, আমাকে ছেড়ে দিন। কিন্তু তারা আমাকে না ছেড়ে উল্টো আমার অফিসের পরিচয়পত্র ছিনিয়ে নেয়। এখন অনেকেই গুজব ছড়াচ্ছে আমি মারা গিয়েছি। কিন্তু আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ‘কিছু ছেলে আমার ওপর হামলা করে। তারা আমার গায়ে আঘাত করেছে এবং হাত ধরে টানাটানি করে আইডি কার্ড ছিনিয়ে নিয়েছে। আমি বারবার বলেছি আমি গর্ভবতী, তবু তারা আমাকে ছাড়েনি।’

পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি। মঙ্গলবার তিনি নিহত হয়েছেন এমন গুজব ছড়িয়ে পড়লে ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতি শেষে শ্রমিকরা কারখানায় ফিরছিলেন। এ সময় কারখানার সামনে কয়েকজন বহিরাগত দিলরুবা আক্তারসহ অন্যদের ভেতরে প্রবেশে বাধা দেন। বাধা উপেক্ষা করে প্রবেশ করতে গেলে বহিরাগতদের সঙ্গে ধাক্কাধাক্কিতে দিলরুবা আক্তার ব্যথা পেয়ে আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেন। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং নিজ বাসায় অবস্থান করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুরের ওই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এর জেরে সন্ধ্যা ৬টার দিকে কারখানার সামনে প্রায় ৩০০ লোক জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ গুজবের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়। খবর পেয়ে দিলরুবা আক্তার মিলি নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে তার সুস্থতার কথা জানান এবং দুপুরের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাধারণ শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেওয়া এবং গুজব ছড়ানোর বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।