Advertisement

টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ রোববার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে মাদ্রাসার মূল ফটকের সামনে ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে তারা এ অবরোধ কর্মসূচি শুরু করে।

Advertisement

মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসসহ নানা যানবাহনের যাত্রী ও চালকেরা।

শিক্ষার্থীরা জানায়, গতকাল শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ইয়াসিন আলী (১৭) গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে সহপাঠীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

নিহত ইয়াসিন আলী পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

বিষয় :