পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) সপ্তর্ষি পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত উপকেন্দ্র লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা ছোড়ে। একই সময় তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়। হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। ছোড়া পেট্রোল বোমার মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় দায়িত্বে থাকা লাইনম্যানরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলে আরও চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ও অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) সপ্তর্ষি পাল জানান, পেট্রোল বোমা নিক্ষেপের পর উপকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মৌখিকভাবে এই উপকেন্দ্রে রাত্রিকালীন নিরাপত্তার জন্য অনুরোধ জানিয়েছি। নিশ্চয়ই তারা নিরাপত্তার বিষয়টি বিবেচনা করবেন

