ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে প্রায় চার ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে টিয়ারা গ্রামের বাসিন্দা শিশু মিয়া এবং একই গ্রামের আবুল হোসেন মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে পূর্বেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে বিটঘর বাজার থেকে গ্রামে ফেরার পথে আবুল হোসেনের তিন সমর্থককে আটকে মারধর করেন শিশু মিয়ার লোকজন। এর জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে চলা এ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা বলেন, পুলিশ সফলভাবে সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



