টাঙ্গাইলে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ১২ রকেট লঞ্চারসদৃশ বস্তু

টাঙ্গাইলের সখীপুরে ১২টি রকেট লঞ্চারসদৃশ ও তিনটি হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে মাটি কাটার সময় এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই এলাকার কৃষক মো. আশরাফ আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান। পরে বাক্স দুটি মাটি থেকে তুলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা রকেট লঞ্চারসদৃশ বস্তুগুলো অত্যন্ত পুরোনো। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি রকেট লঞ্চারসদৃশ বস্তু পাওয়া গেছে। এ ছাড়া গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে ইংরেজি অক্ষরে ‘East Pakistan Police Tangail’ লেখা একটি নেমপ্লেট রয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, পুরোনো ও জং ধরা ১২টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য এগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
