logo

আমবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

আমবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
দুর্ঘটনায় আহত যুবককে আনা হয় নাটোর সদর হাসপাতালে। ছবি : এশিয়া পোস্ট

নাটোরের সিংড়ায় আমবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক।

সোমবার (১ জুন) সকালে সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে হিরা ইসলাম, লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান। আহত সাইফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাটোর থেকে মোটরসাইকেলে করে তিনজন যুবক সিংড়ার দিকে যাচ্ছিলো। পথে সিংড়ার উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জীবন রহমান ও হিরা ইসলামের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও একজন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত সাইফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটকের জন্য পুলিশ কাজ করছে।