সাবেক এমপি হাসনাতের ছোট ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ছোট ভাই সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সানজিদ হাসনাত (৪৪) সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ছোট ভাই।
নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, সানজিদ হাসনাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
