লালমনিরহাটে পুলিশ-প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের ওপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।
গত মঙ্গলবার সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে বাড়ির পাশে ভুট্টাক্ষেত থেকে সাত বছর বয়সি শিশু নন্দিনী রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হত্যাকারী ওই এলাকার রণজিৎ কুমারের ছেলে বিধান চন্দ্রকে আটক করা হয়।
অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশ ও জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩৫ থেকে ৪০ জন আহত হন। এতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) সাতটি গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা।
এ ঘটনায় বুধবার আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম অজ্ঞাত ১২০০-১৫০০ জনের বিরুদ্ধে মামলা করেন। একই অভিযোগে একই থানায় বৃহস্পতিবার আরও একটি মামলা করেন উপজেলা পরিষদের স্টাফ আব্দুর রাজ্জাক। মামলায় অজ্ঞাত ১২০০-১৫০০ জনকে বিবাদী করা হয়েছে।
লালমনিরহাট পুলিস সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। সরকারি কাজে বাধা দেওয়ার দুই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছি।
