নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মিস্ত্রির

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন ইসলাম (২২) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার টেক্সটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন ইসলাম নীলফামারী শহরের সরকারপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেক্সটাইল এলাকায় ডক্টর ক্লিনিকের পরিচালক ডা. স্বপনের বাড়িতে এসি ঠিক করার কাজ করতে গিয়েছিলেন ইমন। কাজ শেষ হওয়ার পরও ওই বাড়িতে গিজারের কাজ করছিলেন আরেক মিস্ত্রি। এ সময় বিদ্যুতের সংযোগ খুঁজে না পেয়ে তারা ইমনকে ডেকে পাঠান। পরে ইমন গিজারের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আখতারুজ্জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
