logo

প্রাথমিক শিক্ষকে সুপারিশ পেলেও এখনও নিয়োগ পাননি গাইবান্ধার ৪১ প্রার্থী

প্রাথমিক শিক্ষকে সুপারিশ পেলেও এখনও নিয়োগ পাননি গাইবান্ধার ৪১ প্রার্থী
গাইবান্ধা জেলা প্রশাসক ড. মনিরুজ্জামানের কাছে স্মারকলিপি জমা দেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকেরা। ছবি: এশিয়া পোস্ট

প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় দাবিতে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীকে স্মারকলিপি পাঠিয়েছে গাইবান্ধার ৪১ জন নিয়োগবঞ্চিত প্রার্থী।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়।

স্মারকলিপি পেয়ে জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান বলেন, সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পাঠিয়ে দেওয়া হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালে গাইবান্ধা জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ৪৫৬ জন সুপারিশপ্রাপ্ত হন। সম্প্রতি ফলাফল প্রকাশে জেলার ৪১ জন প্রার্থী এখনও নিয়োগপত্র পাননি। এতে চাকরি প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তার দেখা দিয়েছে। নিয়োগপত্র না পাওয়ার কারণ এবং পরবর্তী করণীয় সম্পর্কে লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে তারা আবেদন করেছেন।

স্মারকলিপিতে তারা দাবি করেন, প্রশাসনিক বা যাচাইসংক্রান্ত কারণে ৪১ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। কিন্তু তাদের প্রত্যেকের ক্ষেত্রে ঠিক কী কারণে নিয়োগ থেকে বাদ পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী এবং এ বিষয়ে তাদের পরবর্তী করণীয় কী, তা তারা স্পষ্টভাবে জানতে চান। এ অবস্থায় সুপারিশপ্রাপ্ত হয়েও তারা উদ্বিগ্ন ও অনিশ্চয়তার আছেন। এই ন্যায্য অধিকার ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য মন্ত্রীর কাছে লিখিত কারণ জানতে চেয়েছের তারা।