Advertisement

গ্যাস সংকট নিরসনের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর সড়ক ছাড়লেন চালকেরা

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
গ্যাস সংকট নিরসনের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর সড়ক ছাড়লেন চালকেরা
অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ছবি: এশিয়া পোস্ট

নতুন গ্যাস পাম্প স্থাপন ও তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে সিএনজিচালিত অটোরিকশা চালকদের টানা পাঁচ ঘণ্টা সড়ক অবরোধের পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। উপজেলা প্রশাসনের সুনির্দিষ্ট আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

Advertisement

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, কর্মস্থলগামী মানুষ ও পণ্যবাহী যানবাহনের চালকেরা।

পরে বেলা ১১টার দিকে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের সঙ্গে কথা বলেন। তিনি চালকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে শুনে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্থাপন ও সমাধানের আশ্বাস দিলে চালকেরা অবরোধ তুলে নেন।

আন্দোলনকারী চালকদের অভিযোগ, এলাকায় একটিমাত্র গ্যাস পাম্প থাকায় গভীর রাত থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেক সময় গ্যাস না পেয়ে ফিরে যেতে হয়। এতে আয় বন্ধের উপক্রম হয়েছে।

অটোরিকশা চালক রুকন মিয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছি। একটি পাম্পে হাজার হাজার গাড়ি গ্যাস নিতে আসায় আমাদের সারা দিন নষ্ট হয়। সংকট নিরসনে নতুন পাম্প স্থাপনের দাবিতেই সড়ক অবরোধ করা হয়েছিল। ইউএনওর আশ্বাসে আমরা অবরোধ প্রত্যাহার করেছি।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, চালকদের যুক্তিসংগত দাবিগুলো আমরা শুনেছি। গ্যাস সংকট নিরসন ও নতুন পাম্প স্থাপনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। প্রশাসনের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দিলে বর্তমানে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

বিষয় :