মালয়েশিয়ায় রোবটিকস প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জয় করেছে পড়ুয়া বাংলাদেশি দুই শিক্ষার্থী। তারা দুজনই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রতিযোগিতার সমাপনী দিনে শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. শ্রী কুমার চক্রবর্তী।
জানা যায়, গত ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ায় পেটালিং জায়া এ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ২৩টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩টি দল স্বর্ণপদক অর্জন করে ও তারা দুজন আইটি অ্যান্ড রোবটিকস ক্যাটাগরিতে ‘ওয়াল-ই প্রজেক্ট’ -এর জন্য প্রথম স্থান অর্জন করেছে।
স্বর্ণপদক অর্জনকারী শিক্ষার্থী সামিউ ইমাম স্পর্শের মা প্রভাষক বদরুন নাহার লরিন এশিয়া পোস্টকে বলেন, আমার ছেলেসহ আমাদের শিক্ষার্থী সানিয়ার এই অসাধারণ সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুল অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী এ খবর শুনে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ অর্জন শুধু কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব কিংবা চাঁদপুরের নয়, এটি বাংলাদেশের জন্যও গৌরবের বিষয়।
কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল ও প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস জানান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উজ্জ্বল করা এই দুই শিক্ষার্থীর সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার সম্ভাবনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতে আমরা তাদের এমন উদ্ভাবনী কর্মকাণ্ডে পাশে থাকবো ও সহযোগিতা করে যাবো।
