logo

৫১ মসজিদের পানি গায়ে ঢেলে তামাক চাষ ত্যাগের শপথ কৃষকের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
৫১ মসজিদের পানি গায়ে ঢেলে তামাক চাষ ত্যাগের শপথ কৃষকের
জীবনে আর কখনো তামাক চাষ করবেন না সেই শপথ নিলেন মিলন মিয়া। ছবি : এশিয়া পোস্ট

তামাক চাষে লাভের বদলে লোকসানের ঘানি টানতে টানতে ক্লান্ত লালমনিরহাটের প্রান্তিক কৃষকরা। হাড়ভাঙা খাটুনি আর পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে এবার চরম প্রতিবাদ জানালেন মিলন মিয়া নামে এক কৃষক। তামাকের ন্যায্যমূল্য না পেয়ে ক্ষোভে নিজের উৎপাদিত তামাক পুড়িয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ৫১টি মসজিদের পানি শরীরে ঢেলে কান ধরে উঠবস করে শপথ নিয়েছেন - জীবনে আর কখনো এই ‘বিষ’ চাষ করবেন না।

শুক্রবার (১৫ মে) বিকেলে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই অভিনব প্রতিবাদ প্রত্যক্ষ করেন স্থানীয়রা।

ভুক্তভোগী মিলন মিয়া লালমনিরহাট সদর উপজেলার হারাটি এলাকার বেলাল হোসেনের ছেলে।

জানা গেছে, ভাগ্য বদলানোর আশায় এ বছর ৩ বিঘা জমিতে তামাক চাষ করেছিলেন মিলন। চাষের খরচ মেটাতে নিজের শখের মোটরসাইকেল এবং স্ত্রীর পালিত একটি গরুও বিক্রি করে দিয়েছিলেন তিনি।

আশা ছিল, তামাক বিক্রি করে সব দেনা শোধ করে লাভের মুখ দেখবেন। কিন্তু মৌসুম শেষে বাজারে তামাকের কাঙ্ক্ষিত দাম না পেয়ে ঋণের বোঝা আরও ভারী হয়ে ওঠে তার।

বাজারের বর্তমান দরে উৎপাদন খরচও না ওঠায় চরম ক্ষোভে ফেটে পড়েন এই কৃষক।

লোকসানের জ্বালা সইতে না পেরে তিনি ৫১টি মসজিদের পানি সংগ্রহ করে তা শরীরে ঢালেন। এরপর উপস্থিত সবার সামনে কান ধরে উঠবস করে তওবা করেন। সবশেষে জমিতে থাকা শুকনো তামাকে আগুন ধরিয়ে দেন তিনি।

মিলন মিয়া বলেন, শখের বাইক গেছে, স্ত্রীর গরু গেছে, এখন হাতে কোনো টাকা নেই। কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণে আমরা শেষ। এই বিষ চাষ আর কোনোদিন করব না।

মিলন মিয়ার অভিযোগ, তামাক কোম্পানিগুলোর কারসাজি এবং সিন্ডিকেটের কারণে সাধারণ কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। কোম্পানিগুলো শুরুতে প্রলোভন দেখালেও বিক্রির সময় কৃষকদের জিম্মি করে ফেলে। তার এই প্রতিবাদে সংহতি জানিয়েছেন স্থানীয় অন্যান্য কৃষকও।

এ বিষয়ে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, আমরা সবসময়ই কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করি। মূলত সাময়িক লাভের আশায় কৃষকরা তামাক চাষ করেন। সম্ভবত লোকসানের কারণেই এই প্রতিবাদ। তবে তামাক চাষিদের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো সরকারি সহায়তা দেওয়ার সুযোগ নেই।