শূন্য পাস করা প্রতিষ্ঠান বেড়েছে, কমেছে শতভাগ পাস করা কলেজ

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, কোনো শিক্ষার্থী পাস না করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। অপরদিকে সব শিক্ষার্থী পাস করেছে এমন কলেজের সংখ্যা কমেছে।
গত বছর ৩৪৫ কলেজের সব ছাত্রছাত্রী পাস করেছিল। এবার এই সংখ্যা কমে এসেছে ১৩৯টিতে। সে হিসাবে শতভাগ পাস করা কলেজের সংখ্যা কমেছে ২০৬টি।
অপরদিকে ২৯৩ কলেজে কোনো ছাত্র-ছাত্রী পাস করতে পারেনি। গত বছর এমন কলেজের সংখ্যা ছিল ২০২টি। সেই হিসাবে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
এদিকে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ ৫১ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে পাস করেছেন ৬১ দশমিক ০৭ শতাংশ।


