logo

কুপন দিয়ে মিড-ডে মিল নিতে হবে শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
কুপন দিয়ে মিড-ডে মিল নিতে হবে শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল মিলন। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষার্থীদের কুপন দিয়ে মিড-ডে মিল নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল মিলন। তিনি বলেছেন, ‘মানসম্মত খাবার সরবরাহের লক্ষ্যে ‘মিড-ডে মিল’ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য কুপন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে আগামীতে শিক্ষার্থীরা কুপন দিয়ে ক্যান্টিন থেকে নিজেদের খাবার নিতে পারবে।’

শনিবার (৩ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতি আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এহছানুল মিলন বলেন, ‘শিক্ষার্থীদের খাদ্য তালিকায় আরও নতুন খাদ্য যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি, স্থানীয় অর্থনীতিকে গতিশীল ও স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে খাবার সরবরাহ প্রক্রিয়া বিকেন্দ্রীকরণ করার ভাবনাও রয়েছে। এ ব্যবস্থা প্রথমে কয়েকটি জেলায় পাইলটিং করে পরবর্তীতে সারা দেশে বাস্তবায়ন করা হবে।’

সৌদি আরবেও টেকনিক্যাল স্কুল ও কলেজ করার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘আগামীতে পরীক্ষার দুই সেট প্রশ্ন দুই জায়গায় করা হবে। বিজি প্রেস ও আর্মি সিকিউরিটি প্রেস থেকে করা হবে। পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত কারণে শিক্ষার্থীদের জীবন থেকে যাতে সময় হারিয়ে না যায়, সে জন্য পরীক্ষা সময় মতো নেওয়া হবে এবং বর্ষাকালীন দুর্যোগও পরিহার করা হবে।’

তিনি আরও বলেন, ‘বাস্তবতার নিরিখেই পরীক্ষার খাতা পুনর্মুল্যায়নের পরিবর্তন আনা হয়েছে। আমরা বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রস বর্ডার এডুকেশন সিস্টেম চালু করতে যাচ্ছি। যেসব বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক মানদণ্ডে পাঁচশর মধ্যে রয়েছে। তাদের বাংলাদেশে শাখা খুলতে চাইলে অনুমোদন দিতে বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করা হবে।’