logo

দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমার সময় বাড়ল

দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমার সময় বাড়ল
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের লোগো। ছবি: উইকিপিডিয়া

২০২৭ সালের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফি জমা দেওয়ার সময় বাড়িয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ১১ নভেম্বর এবং বিলম্ব ফিসহ ২১ নভেম্বর পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।

রোববার (১ নভেম্বর) সংস্থার অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফি জমার শেষ দিন ১১ নভেম্বর। আর বিলম্ব ফিসহ ২১ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সাধারণ সময়ে ফি জমার শেষ তারিখ ছিল ১ নভেম্বর এবং বিলম্বিত সময়ের শেষ তারিখ ছিল ১১ নভেম্বর।

ফি’র হারে কোনো পরিবর্তন আনা হয়নি জানিয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ সময়ে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৬০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৯০০ টাকা জমা দিতে হবে। বিলম্ব ফিসহ এই অংক যথাক্রমে ১ হাজার ৮০০ টাকা ও ২ হাজার ১০০ টাকা। উভয় ক্ষেত্রে ফি’র সঙ্গে ১ শতাংশ অনলাইন চার্জ যুক্ত হবে।

বর্ধিত এই সময়ের পর ফি জমাদানের সময়সীমা বাড়ানো হবে না। যেসব মাদ্রাসা এখনো ফি জমা দেয়নি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

পরীক্ষার ফি শুধু অনলাইনে আল-হাইআতুল উলয়ার সফটওয়্যারের (hems.alhaiatululya.org) মাধ্যমে জমা দেওয়া যাবে। পেমেন্টের জন্য নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা ব্যবহার করতে হবে।

এ বছরের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা ২১ জানুয়ারি থেকে শুরু হবে, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।