আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের আলিম পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা; উভয়ক্ষেত্রেই গত দুই বছরের তুলনায় এবার অবনতি হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর আলিম পরীক্ষায় মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।
লিঙ্গভিত্তিক ফলাফলে দেখা গেছে, ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।
সামগ্রিক ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমে যাওয়ায় গত দুই বছরের তুলনায় চলতি বছরের আলিম পরীক্ষার ফলাফলে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।


