logo
জাতীয় বাজেট ২০২৬-২৭

মাদ্রাসা শিক্ষাকে করা হবে আধুনিকায়ন, চালু হবে কর্মমুখী প্রশিক্ষণ

মাদ্রাসা শিক্ষাকে করা হবে আধুনিকায়ন, চালু হবে কর্মমুখী প্রশিক্ষণ
ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী এবং কর্মমুখী করার লক্ষ্যে বিশেষ রূপরেখা ঘোষণা করেছে সরকার। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সম্মিলন ঘটিয়ে মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই পরিকল্পনার কথা জানান।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, সরকার মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার শক্তিশালী ভিত্তির পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তুলতে চায়। এই লক্ষ্যে মাদ্রাসা কারিকুলামে বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি (ICT) শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা সাধারণ ধারার শিক্ষার্থীদের মতো সমানভাবে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়ে উঠবে।

অর্থমন্ত্রী জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি’ চালু করা হবে। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা অর্জন করতে পারবে, যা তাদের শ্রমবাজারে দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।