কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদ্রাসাগুলোর কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার ফরম পূরণ ফি প্রতি পত্রে ১০০ টাকা কমানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
জারিকৃত আদেশে বলা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফি পুনর্নির্ধারণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কামিল পরীক্ষার ফরম পূরণ ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি পত্রের ফি ৩৫০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ফি অপরিবর্তিত থাকবে।
গত ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অধ্যক্ষরা অধিভুক্তি নবায়ন, পরীক্ষা ও নিবন্ধন ফিসহ বিভিন্ন ফি শিক্ষার্থীদের সাধ্যের বাইরে উল্লেখ করে তা কমানোর দাবি জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমানোর আশ্বাস দেন।

