
এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ফি আদায় করা হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ফরম পূরণের জন্য নির্ধারিত ফির বাইরে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।
এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড নিয়ন্ত্রক কমিটি।

