logo

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিনের ছুটি, কোন মাসে কত দিন

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিনের ছুটি, কোন মাসে কত দিন
ছবি : এশিয়া পোস্ট

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের ছুটির খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৭০ দিন ছুটি থাকবে।

এর মধ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি রাখা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজায় তিন দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি থাকবে দুই দিন।

প্রস্তাবিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ২০২৭ সালে সবচেয়ে বেশি ছুটি রাখা হয়েছে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে।

দীর্ঘ এই ছুটির মধ্যে রয়েছে শ্রীশ্রী সরস্বতী পূজা (১১ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (২০ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), জামাতুল বিদা (৫ মার্চ), শ্রীশ্রী শিবরাত্রি (৬ মার্চ), শবে কদর (৭ মার্চ) এবং ঈদুল ফিতর (১০ মার্চ)।

অন্যদিকে, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ থেকে ২৭ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। ১২ দিনের এই সময়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১০ দিন ছুটি গণনা করা হয়েছে। এ ছুটির মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও রয়েছে।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। ১৫ দিনের এই সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

অন্যান্য ছুটি যেসব দিন

খসড়া তালিকা অনুযায়ী, ২০২৭ সালের ৬ জানুয়ারি শবে মেরাজ এবং ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

মার্চে ২২ তারিখ শুভ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে। তবে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি গণনা করা হয়নি।

এপ্রিলে ৪ তারিখ শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

ছুটির খসড়া তালিকা।
ছুটির খসড়া তালিকা।

মে মাসে ১ তারিখ মহান মে দিবস শনিবার পড়েছে। ফলে এ উপলক্ষেও আলাদা কোনো ছুটি রাখা হয়নি। জুনে ১৬ তারিখ পবিত্র আশুরা উপলক্ষে এক দিন ছুটি থাকবে।

জুলাইয়ে ১৮ তারিখ আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে।

আগস্টে ৫ তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

সেপ্টেম্বরে ১৩ তারিখ ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে।

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই পাঁচ দিনের মধ্যে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট তিন দিন ছুটি গণনা করা হয়েছে। এ ছাড়া ১৪ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্যামাপূজা উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

নভেম্বরে ৭ তারিখ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত থাকবে আরও দুই দিন ছুটি।

খসড়া তালিকায় ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার এবং ১ মে মহান মে দিবস শনিবার পড়ায় এ দুটি দিবসের জন্য অতিরিক্ত ছুটি রাখা হয়নি। একইভাবে রমজান ও ঈদুল ফিতর, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ, দুর্গাপূজা এবং শীতকালীন অবকাশের নির্ধারিত সময়ের মধ্যে থাকা শুক্র ও শনিবারগুলোও আলাদা ছুটি হিসেবে গণনা করা হয়নি।