ঢাবি শিক্ষার্থীর মায়ের হত্যাকাণ্ডের বিচার দাবি ছাত্রশক্তির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী প্রার্থনা মজুমদারের মা রীতা রানী মজুমদারকে নিজ বাসায় নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির ঢাবি শাখার দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা জানান জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাহমীদ আল মুদাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকার।
বিবৃতিতে বলা হয়, গত ২০ মে গভীর রাতে সংঘটিত এই হত্যাকাণ্ড জনগণের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। নিহতের স্বামী বিধান চন্দ্র রায়ের বর্ণনা অনুযায়ী, দুর্বৃত্তরা গভীর রাতে ঘরে প্রবেশ করে এ নৃশংস ঘটনা ঘটায়। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং হত্যার ঘটনা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
নেতারা আরও বলেন, গত এক সপ্তাহে শিশু রামিসাসহ ৪ জন শিশু ধর্ষণের পর হত্যা করা হয়েছে। লাগামহীন অপরাধ ও হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নেই। জাতীয় ছাত্রশক্তি এ ধরনের বর্বরোচিত অপরাধের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।
