একাদশে ভর্তিতে বড় ধাক্কা, খালি থাকবে সাড়ে ১৩ লাখ আসন

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজগুলোতে প্রায় ২৫ লাখ আসন রয়েছে। তবে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় এর মধ্যে সাড়ে ১৩ লাখের বেশি আসন খালি থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। ফলে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের তুলনায় আসন সংখ্যা দ্বিগুণেরও বেশি থাকছে।
সৈয়দ আক্তারুজ্জামান জানান, একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডে এবার ছাত্রদের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। একইভাবে ছাত্রদের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
এবার সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ কমেছে ১৯ হাজার ৯ জন।
এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৫৭টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৮। মাদ্রাসা শিক্ষা বোর্ডে শূন্য পাস করা প্রতিষ্ঠান বেড়ে ২২৬ হয়েছে, যা গত বছর ছিল ৮৬টি। কারিগরি শিক্ষা বোর্ডে এবার শূন্য পাস করা প্রতিষ্ঠান রয়েছে ২৯টি; গত বছর এমন কোনো প্রতিষ্ঠান ছিল না।
এদিকে একটি বিশেষ পরীক্ষাকেন্দ্রের তথ্য অনুযায়ী, সেখানে ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫৪ জন পাস করেছে। পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ। ওই কেন্দ্রে দুটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং একটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি।
.png)


