এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের আবেদনের সময় রোববার (৮ নভেম্বর) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়।
শনিবার (৭ নভেম্বর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি (অনলাইনে) ত্রুটির কারণে উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮ট পর্যন্ত বিঘ্নিত হয়। এ কারণে অনেক পরীক্ষার্থী ঐ সময়ে আবেদন করতে পারেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের সমস্যার বিষয়টি বিবেচনা করে উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় শনিবার দিবাগত রাত ১২টার পরিবর্তে রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। তারা চাইলে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন বলে জানায় বোর্ড।
যেভাবে পুনর্মূল্যায়নের আবেদন
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর বোর্ডের ড্রপডাউন তালিকা থেকে নিজ বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে শিক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএস পাঠানো হবে। এরপরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্মূল্যায়ন করতে চাইলে সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। পরবর্তী ধাপে মোট প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, ডিবিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ সংশ্লিষ্ট পোর্টালের ‘পে’ বাটনে ক্লিক করে জানা যাবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি প্রদান করে আবেদন জমা দেওয়ার পর আরও কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো প্রত্যাহার করা যাবে।
তবে এ ক্ষেত্রে শুধু যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলোই প্রত্যাহার করা যাবে। পরে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।
