জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ সম্মিলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ সম্মিলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক বাস্তবতায় দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের আরও কার্যকর ভূমিকা পালনে উদ্বুদ্ধ করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সম্মিলনে অংশগ্রহণের মাধ্যমে অধ্যক্ষরা জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষাদর্শন, উচ্চশিক্ষার উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে ঘোষিত শিক্ষা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়ন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। একই সঙ্গে কলেজ শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা ও অগ্রাধিকার সম্পর্কে ধারণা লাভের সুযোগ তৈরি হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মিলনে অংশ নিতে অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে (https://collegeportal.nu.ac.bd/) প্রবেশ করে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অপশনে গিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ফরম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে।
