বাংলাদেশি শিক্ষার্থীদের সুইডেনে পূর্ণ বৃত্তিতে পড়ার সুযোগ

শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে সম্পূর্ণ টিউশন ফি মওকুফে পড়াশুনার সুযোগ দিচ্ছে সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি। বাংলাদেশসহ নির্ধারিত কয়েকটি দেশের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন।
সুইডেনের গোথেনবার্গে অবস্থিত চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য, গণিত, সামুদ্রিক বিজ্ঞান ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়টি। ১৮২৯ সালে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক উইলিয়াম চালমারের অনুদানে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
বৃত্তির সুযোগ-সুবিধা
অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। দুই বছর মেয়াদি এ প্রোগ্রাম চারটি সেমিস্টারে সম্পন্ন হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
যেসব কাগজপত্র লাগবে
আবেদনের জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি বা ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র, জীবনবৃত্তান্ত (সিভি), ইংরেজি ভাষা দক্ষতার সনদ, মোটিভেশন লেটার এবং সুপারিশপত্র জমা দিতে হবে।
এ ছাড়া প্রকল্পের পোর্টফোলিও এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার তথ্য (যদি থাকে) প্রয়োজন হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের নিয়ম, যোগ্যতার বিস্তারিত শর্ত এবং প্রয়োজনীয় তথ্য জানতে চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজির অফিশিয়াল ওয়েবসাইট দেখতে হবে।
আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।

