মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বৃত্তিসহ যেসব সুবিধা মিলবে

বিশ্বের প্রাচীন ও অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৪০টি দেশের ২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তার মধ্যে বাংলাদেশি রয়েছেন ৪ হাজারেরও অধিক।
বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরির পাশাপাশি তাদের আবাসন, খাবার, চিকিৎসা ও আর্থিক সহায়তায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং মিশরের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো। বিশেষ করে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশাপাশি কুরআন হিফজ ও ইসলামি জ্ঞানচর্চায় আগ্রহীদের জন্যও রয়েছে বিশেষ সহযোগিতা।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা
আল-আজহারের বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্কলারশিপ এবং 'মুসায়াদা' বা আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠান হলো
- المجلس الأعلى للشئون الإسلامية — সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্স।
- بيت الزكاة الكويتي — কুয়েতি যাকাত হাউস।
- بيت الزكاة الأذربيجاني — আজারবাইজান যাকাত হাউস।
- بيت الزكاة المصري — মিশরীয় যাকাত হাউস।
- الندوة العالمية للشباب الإسلامي — ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ।
- جمعية السفراء والهداية — সুফারা আল-হিদায়া অ্যাসোসিয়েশন।
- بعثة سعود البابطين الكويتية للدراسات العليا — সাউদ আল-বাবতিন স্কলারশিপ ফর হায়ার এডুকেশন।
এ ছাড়া সাকানুন নাদওয়া ও হারামাইন মসজিদ কেন্দ্রিক ছাত্রাবাসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের আবাসন, খাবার ও আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। তবে, এসব সুবিধার জন্য প্রতিষ্ঠানভেদে আবেদনের সময়, যোগ্যতা ও শর্ত আলাদা।
পরিচয় মিলল মিশরের কারাগারে আটক ৬৫ বাংলাদেশির, দেশে ফেরার আকুতি
আল-আজহারের নিজস্ব আবাসন ও আর্থিক সুবিধা
বিদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের অন্যতম প্রধান আবাসিক ব্যবস্থা 'মদিনাতুল বুউস আল-ইসলামিয়া'। এখানে নির্বাচিত শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ বৃত্তির আওতায় বিনা মূল্যে আবাসন, খাবার ও চিকিৎসাসেবা পান। পাশাপাশি রয়েছে একাডেমিক কার্যক্রম শেষে যাতায়াতের বিমান টিকিটসহ বিভিন্ন সুবিধা।
প্রচলিত সুবিধা অনুযায়ী, আবাসিক শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের মাধ্যমে মাসিক প্রায় ১ হাজার ৫০০ মিশরীয় পাউন্ড এবং অনাবাসিক শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ৫০০ মিশরীয় পাউন্ড আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
মিশরে মুশফিকুল ফজল আনসারির ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল দূতাবাস
সুফারা আল-হিদায়া: আবাসন, বৃত্তি ও কুরআন হিফজের সুযোগ
বিদেশি শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য আরেকটি প্রতিষ্ঠান সুফারা আল-হিদায়া। এখানে আবাসনের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন খাতে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। কুরআন হিফজ, তিলাওয়াত ও ইসলামি শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ভিত্তিতেও বিশেষ সম্মানী বা হাদিয়ার ব্যবস্থা রয়েছে।

শিক্ষার্থীর যোগ্যতা ও কার্যক্রম অনুযায়ী মাসিক আর্থিক সহযোগিতা সাধারণত ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ মিশরীয় পাউন্ড। বিভিন্ন খাতের সহযোগিতা মিলিয়ে কোনো কোনো শিক্ষার্থীর মাসিক প্রাপ্তি ৪ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। এ ছাড়া কুরআন তিলাওয়াত ও নির্ধারিত অংশ শোনানোর জন্য প্রায় ৮০০ পাউন্ড এবং নিয়মিত শিক্ষামূলক ক্লাসে অংশগ্রহণের জন্য প্রায় ৬০০ পাউন্ড হাদিয়া প্রদান করা হয়।
আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রতিদিন তিন বেলা বুফে পদ্ধতিতে খাবার পরিবেশন করা হয়। সকালের নাশতায় রুটি, ডিম, দই, মধু, জেলি, সালাদ ও ফুল মেদামেসসহ বিভিন্ন খাবার থাকে। দুপুরে গরু, মুরগি, মহিষ বা খরগোশের মাংস, মাছ, সালাদ ও মৌসুমি ফল পরিবেশন করা হয়। রাতের খাবারে থাকে রুটি, ডিম, দুধ, মধু ও বিভিন্ন মিশরীয় খাবার।
মিশর থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া আরও ৪১ বাংলাদেশি
সাউদ আল-বাবতিন উচ্চশিক্ষা বৃত্তি
কুয়েতভিত্তিক 'সাউদ আল-বাবতিন স্কলারশিপ ফর হায়ার এডুকেশন' বিদেশি শিক্ষার্থীদের জন্য আরেকটি উল্লেখযোগ্য বৃত্তি। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিনা মূল্যে আবাসনের পাশাপাশি প্রতি মাসে ৪ হাজার ৭৫০ মিশরীয় পাউন্ড আর্থিক ভাতা পেয়ে থাকেন। বর্তমানে এখানে ১৩ জন বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন, যাঁরা সবাই আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
আবেদনের সময় ও যোগ্যতা: সাধারণত প্রতিবছর আগস্টের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। কোনো কোনো বছর অক্টোবরের প্রথম দিন পর্যন্ত আবেদন করা যায়। আবেদনের ক্ষেত্রে বয়স ২৪ বছরের কম এবং আগের শিক্ষাবর্ষের ফলাফলে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকতে হয়। আবেদন যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকারে ডাকা হয়। সাক্ষাৎকারে কুরআনের যেকোনো স্থান থেকে তিলাওয়াত এবং কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয়।
মিশরে বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আওসবি
হারামাইন মসজিদকেন্দ্রিক ছাত্রাবাস
মিশরের হায়উল তাসে, শারে আব্দুল মুতাজাল্লিতে অবস্থিত এ ছাত্রাবাসটি পরিচালনা করছে 'জমঈয়ত আছদিকাহ আত ত্বালিব আল ওয়াফিদ' নামের একটি দাতব্য সংস্থা। বর্তমানে এখানে ১০ জন বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। আবেদনের অন্যতম শর্ত হলো কমপক্ষে ১০ পারা কুরআন হিফজ থাকতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থার এসব উদ্যোগ উচ্চশিক্ষার পথকে সহজ করছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এসব সহযোগিতা বিদেশের মাটিতে উচ্চশিক্ষা গ্রহণ অব্যাহত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।