সাভারে মাদ্রাসায় শিশু নির্যাতনে আল-হাইয়াতুল উলয়ার উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

সাভারের পূর্ব শাহীবাগ এলাকার একটি মাদ্রাসায় সাত বছর বয়সি এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তদন্ত কমিটি গঠন করেছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। তবে সংশ্লিষ্ট মাদ্রাসাটি আল-হাইআতুল উলয়া বা এর অধীন ছয় বোর্ডের অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে গণমাধ্যমের বরাতে জানানো হয়, ওই মাদ্রাসায় সাত বছর বয়সি এক আবাসিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে চার শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতের নির্দেশে গত ২৬ আগস্ট সাভার মডেল থানায় মামলা করা হয়। শিশুটিকে দীর্ঘ সময় ধরে শারীরিক নির্যাতন চালানো এবং বিষয়টি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে জানানোর পরও কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীর পরিবারকে নীরব থাকার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হওয়া প্রয়োজন বলে মনে করছে বোর্ডটি।
আল-হাইআতুল উলয়া জানায়, অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাদের বোর্ডের অধীন না হওয়ায় সেখানে প্রশাসনিক সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত। তবে সার্বিক পরিস্থিতির প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত দিক অনুসন্ধানের জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডটির মতে, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি, শিক্ষক বা শিক্ষার্থী—পরিচয় বিবেচনা না করে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্ব।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও দ্রুত তদন্ত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আল-হাইআতুল উলয়া। পাশাপাশি সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে তদন্তে সহযোগিতা এবং কোনো অভিযুক্ত ব্যক্তিকে আড়াল, রক্ষা বা পলায়নে সহায়তা না করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া, নিজস্ব অধীনস্থ সব কওমি মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের সুরক্ষায় তত্ত্বাবধান জোরদার করা, শিশুবান্ধব পরিবেশ বজায় রাখা এবং যে কোনো অপরাধ গোপন না করে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা জারি করেছে আল-হাইআতুল উলয়া।



