পদার্থবিজ্ঞানের প্রশ্ন নিয়ে বিতর্কের ব্যাখ্যা দিল বোর্ড

চলমান উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল প্রশ্নের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ওঠা বিতর্কের পর জরুরি পদক্ষেপ নিয়েছে শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ অনুষ্ঠিত এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত অভিযোগ ও ত্রুটির বিষয়টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃপক্ষের নজরে এসেছে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রশ্ন দুটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে।
পরীক্ষার্থীদের বিষয়টি প্রাধান্য দেওয়া হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যালোচনার পর যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে কোনো ধরনের ত্রুটি বা অসংগতি প্রমাণিত হয়, তবে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। কোনো পরীক্ষার্থী যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রয়োজনে ওই প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে উদ্বিগ্ন না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। পুরো বিষয়টি বোর্ড অত্যন্ত স্বচ্ছতা ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





