logo
Advertisement

শিক্ষার্থীদের বিনামূল্যে ৪০০ জিবি স্টোরেজ ও জেমিনি প্রো দিচ্ছে গুগল

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
শিক্ষার্থীদের বিনামূল্যে ৪০০ জিবি স্টোরেজ ও জেমিনি প্রো দিচ্ছে গুগল
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বাংলাদেশি শিক্ষার্থীদের এক বছরের জন্য বিনামূল্যে ৪০০ জিবি ক্লাউড পরিষেবা ব্যবহার ও চ্যাটবট জেমিনির প্রো সংস্করণ ব্যবহারের সুযোগ দিচ্ছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল। দেশের বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রস্তাব গ্রহণ করতে পারবেন।

শুক্রবার (২১ আগস্ট) ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রামের আওতায় এ বিশেষ সুবিধাটি বিশ্বব্যাপী উন্মুক্ত করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির এই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি।

এই প্রস্তাবের অধীনে এক বছরের জন্য গুগলের জেমিনি ব্যবহারের সুবিধা, জেমিনিতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজসহ আরও বেশ কিছু নতুন সুবিধা পাবেন শিক্ষার্থীরা।

তবে একটিমাত্র প্রস্তাবেই সীমাবদ্ধ থাকছে না গুগল। পাশাপাশি গুগল এআই প্রো এবং ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশনে পাচ্ছেন ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন শিক্ষার্থীরা।

যারা পাবেন বিশেষ পরিষেবা ব্যবহারের সুযোগ

বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা সুযোগটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। সে জন্য তাদের কাছে থাকতে হবে নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট, স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র—এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র দরকার হবে—এ ছাড়া শিক্ষার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের ওপরে হতে হবে।

কীভাবে নেওয়া যাবে

প্রথমে ব্রাউজারে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট লগইন করে ‘Google One Student Page’-এ যেতে হবে। এরপর ‘Get Student Offer’ বাটনে ক্লিক করে দেশের নাম Bangladesh সিলেক্ট করতে হবে এবং শিক্ষর্থীর বিশ্ববিদ্যালয়ের নাম ও নিজের নাম লিখতে হবে।

এরপর শিক্ষার্থী আইডি বা সর্বশেষ সিমেস্টার ফি পরিশোধের পে স্লিপের ছবি আপলোড করে সাবমিট করতে হবে। সব প্রমাণপত্র আপলোড করা হলে গুগল শিক্ষার্থীর তথ্য যাচাই করে কয়েক মিনিটের মধ্যে নিশ্চিত করবে।

পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে

সবশেষ পেমেন্ট মেথড যোগ করতে হবে। মনে রাখতে হবে, অফারটি সম্পূর্ণ বিনামূল্যে হলেও অ্যাকটিভেট করার জন্য একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট করে, এমন পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এর জন্য শিক্ষার্থী যেকোনো ব্যাংক থেকে ডুয়াল-কারেন্সি ডেবিট/ক্রেডিট কার্ড (পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করা) অথবা কোনো ভার্চুয়াল ডলার কার্ড ব্যবহার করতে পারেন।

তবে মনে রাখতে হবে, এই ১২ মাসের ট্রায়ালে কার্ড থেকে কোনো টাকা কাটা হবে না।

জেমিনি প্রো হলো গুগলের তৈরি সবচেয়ে শক্তিশালী এআই মডেলের মধ্যে একটি। মডেলটি দ্রুত এবং নির্ভুল তথ্য জানানোর পাশাপাশি কোডিং, তথ্য বিশ্লেষণ, কঠিন গাণিতিক সমস্যা সমাধান এবং জটিল ধারণাগুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে সাহায্য করে।

ফলে জেমিনি প্রো ব্যবহার করে সহজেই নির্দিষ্ট বিষয়ে অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনাসহ কুইজ ও বিভিন্ন বিষয়বস্তুর খসড়া তৈরি করা যায়।