logo
Advertisement

একাদশে ভর্তিযুদ্ধ শুরু আজ, আবেদন করবেন যেভাবে

একাদশে ভর্তিযুদ্ধ শুরু আজ, আবেদন করবেন যেভাবে
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি: প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশের পর রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় প্রকাশিত চূড়ান্ত ফলে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তা জানা গেছে।

নির্বাচিত শিক্ষার্থীরা আজ থেকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবেন।

ভর্তির চূড়ান্ত ফল শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করে দেখতে পারবেন। একই সঙ্গে নিবন্ধিত মোবাইল ফোন নম্বরেও ফল এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, শনিবার রাতে চূড়ান্ত ফল প্রকাশের পর রোববার থেকে মনোনীত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান।

যদিও অনলাইনে আবেদন করেও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন ১৪ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ২ হাজার ২০৫ জন। এ ছাড়া দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পছন্দক্রমে কলেজ হিসেবে নির্বাচন করেননি। ফলে এসব প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী মনোনয়ন পাননি। একইভাবে ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।