৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএসের গেজেটবঞ্চিতদের দ্রুত নিয়োগের দাবি

অবিলম্বে ৪৩, ৪৪ এবং ৪৮তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবি জানান গেজেটবঞ্চিত প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৩তম বিসিএস হিসাব ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এবং ঢাবির অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী কাঞ্জিলাল রায় জীবন।
কাঞ্জিলাল রায় অভিযোগ করে বলেন, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভেরিফিকেশন নামক প্রহসনমূলক প্রক্রিয়ার মাধ্যমে মেধাভিত্তিক উত্তীর্ণদের চাকরিতে যোগদান থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরত রাখা হয়েছে। ডিজিএফআই ও এনএসআইয়ের মতো গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদনে অমিল কিংবা শুধু জনশ্রুতির ওপর ভিত্তি করে অনেককে আটকানো হয়েছে।
তার দাবি, কোনো প্রকার ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও বিনা কারণে ৪৩তম বিসিএসে ৬৫ জন প্রার্থীকে গেজেট থেকে বাদ দেওয়া হয়। এ ছাড়া ৪৪তমে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকারকারীসহ ২০ জন এবং চিকিৎসকদের জন্য বিশেষ ৪৮তম একই মেডিকেল কলেজের ১৫ জনসহ মোট ২৭ জন চিকিৎসক বাদ পড়েছেন।
তিনি বলেন, একাধিকবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে কারণ জানতে চাওয়া হলেও কোনো জবাব মেলেনি।
কাঞ্জিলাল রায় বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহারে মেধাকে সরকারি চাকরির একমাত্র মাপকাঠি করার স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয় ও ৪৯তম বিসিএসের বঞ্চিতদের নিয়োগ জটিলতা নিরসনে ক্ষমতাসীন প্রশাসনের ত্বরিত পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। সেই ইতিবাচক দৃষ্টান্ত অনুসরণ করে, দীর্ঘ অধ্যবসায়ের পর চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত উল্লিখিত তিন বিসিএসের নির্দোষ প্রার্থীদের অবিলম্বে গেজেটভুক্ত করতে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হয়।
সম্মেলনে ৪৮তম স্বাস্থ্য ক্যাডারের ডা. সৌরভ ও ৪৩তম শিক্ষা ক্যাডারের মো. রেদওয়ানুল ইসলামসহ গেজেট বঞ্চিতরা উপস্থিত ছিলেন।
