logo

‘জুলাইয়ের চেতনার কথা বলে অভ্যুত্থানের নেতাদের হয়রানি গ্রহণযোগ্য নয়’

‘জুলাইয়ের চেতনার কথা বলে অভ্যুত্থানের নেতাদের হয়রানি গ্রহণযোগ্য নয়’
জরুরি সংবাদ সম্মেলন। ছবি: রাষ্ট্রসংলাপ ফোরামের সৌজন্যে

জুলাইয়ের চেতনার কথা বলে জুলাইয়ের নেতাদের বিচারিক হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম। সংগঠনটি বলছে, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক গণআন্দোলন। এ আন্দোলনে যারা নেতৃত্ব, রাজপথে সাহসী ভূমিকা এবং অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। অথচ সেই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত আ ন ম আয়াসসহ নেতাদের গ্রেপ্তার ও কারাবন্দি থাকার বিষয়টি জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে হবে এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ নেই, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানান মুহাম্মদ শাহ্ আলম বাদশা। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, ককটেল বিস্ফোরণ, বসতবাড়িতে অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির ঘটনা জননিরাপত্তাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার যদি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা ও ক্ষোভ তৈরি হবে।’

বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে তিনি বলেন, ‘আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং রাজনৈতিক সহিংসতার যেসব ঘটনা ও অভিযোগ সামনে আসছে, সেগুলোকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের সংশ্লিষ্টতার যে অভিযোগ উঠছে, তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাই। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধীদের রক্ষাকবচ হতে পারে না। যারা অতীতে কিংবা বর্তমানে সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ ও বোমাবাজির সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।’

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন, ‘বাংলাদেশ কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী কিংবা বিদেশি স্বার্থের কাছে জিম্মি হতে পারে না। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ শুধু ক্ষমতার পরিবর্তন চায়নি; তারা রাষ্ট্রব্যবস্থার গুণগত পরিবর্তন চেয়েছে। এমন একটি বাংলাদেশ চেয়েছে, যেখানে অপরাধী রাজনৈতিক আশ্রয় পাবে না, সাধারণ মানুষ নিরাপদে ঘুমাতে পারবে, বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহি করবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনটির সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজি, সহসভাপতি (শহীদ সোহেল রানার ছোট ভাই) আলভি নাবিল হোসেন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মহসিন সারোয়ার, কেন্দ্রীয় সংগঠন আবু নোমান, আব্দুল আউয়াল রিদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট