logo

ইউজিসির সিদ্ধান্তে সাড়া দেয়নি ঢাবি, ডিসেম্বরেই শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা

ইউজিসির সিদ্ধান্তে সাড়া দেয়নি ঢাবি, ডিসেম্বরেই শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: ঢাবির ওয়েবসাইট থেকে নেওয়া

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে কমিশনের এ সিদ্ধান্তে সাড়া দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ডিসেম্বরেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে এইচএসসির সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে বহাল রাখা হয়।

সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ইউজিসির সিদ্ধান্তের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের কোনো সম্পৃক্ততা নেই। সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় পূর্বনির্ধারিত সময়েই আবেদন গ্রহণ ও ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

অন্যদিকে, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘ভর্তি সংক্রান্ত সব বিষয় চূড়ান্ত করে ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ কার্যক্রমের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক বিষয় জড়িত থাকায় পরীক্ষা পেছানোর সুযোগ নেই।’

এর আগে সোমবার সকালে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করে ইউজিসি। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন না।

সভা শেষে সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থী উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের স্বার্থে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সে অনুযায়ী আগামী জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের স্বার্থ এবং পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে কমিশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আইবিএ ইউনিটে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দেড় হাজার টাকা, চারুকলা ইউনিটে ১ হাজার ৪০০ টাকা এবং বাকি তিনটি ইউনিটে ১ হাজার ২০০ টাকা।

ঘোষিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান ও অঙ্কন অংশের পরীক্ষা নেওয়া হবে ২২ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ছাড়া ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও দেশের সাতটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট