শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে যেদিন থেকে

চলতি বছর ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এই সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার খুলেছে।
দীর্ঘ ছুটি শেষে লাখো কর্মজীবী ও শিক্ষার্থী রাজধানীতে ফিরছেন। তবে অফিসপাড়ার ছুটি শেষ হলেও, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে এখনই ফিরছে না শিক্ষার্থীরা।
স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় পাঠদান শুরু হবে আগামী ৭ জুন (রোববার) থেকে।
মাদরাসায় ছুটি আরও দীর্ঘ
দেশের সব মাদ্রাসা বোর্ডের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও আরও দেরিতে খুলবে।
মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব শিক্ষপ্রতিষ্ঠানে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়েছে, যা চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রোববার) থেকে পুনরায় পাঠদান শুরু হবে।
মাদ্রাসায় গত ২৪ মে ছুটি শুরু হলেও শিক্ষার্থীরা তারও আগে ২১ মে ক্লাসের পরেই ছুটিতে যাওয়ার সুযোগ পায়। ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় তাদের এ সুযোগ মেলে।
বিশ্ববিদ্যালয় খোলা কবে
এদিকে ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ থাকায় এক মাসের ছুটি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসগুলো খুলছে সোমবার থেকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হবে আগামী ৭ জুন (রোববার) থেকে। মূলত তাদের ছুটি শেষ হবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার)। কিন্তু ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় পাঠদান শুরু হবে ৭ জুন।
.png)


