logo

দুর্গাপূজায় স্কুল-কলেজ-মাদ্রাসায় কোনটায় কতদিন ছুটি?

দুর্গাপূজায় স্কুল-কলেজ-মাদ্রাসায় কোনটায় কতদিন ছুটি?
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ছবি: প্রথম আলো

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক ছুটি রাখা হয়েছে। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোথাও এ ছুটির মেয়াদ বেড়েছে। ক্যালেন্ডার অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে সর্বোচ্চ ১৪ দিন, স্কুলে ১০ দিন এবং ছুটি থাকছে মাদ্রাসায় ৫ দিন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়

দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিন। এর আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে। এতে দুর্গাপূজা উপলক্ষে স্কুলে টানা ৯ দিনের ছুটি হচ্ছে। এর সঙ্গে ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১০ দিনের ছুটি পাবেন। অর্থাৎ ১৬-২৫ অক্টোবর পর্যন্ত স্কুলে ছুটি থাকবে।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটির মেয়াদ আরও বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮-২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর সঙ্গে ছুটির আগে ও পরে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজে মোট ছুটির মেয়াদ দাঁড়াচ্ছে ১৪ দিন।

মাদ্রাসা

মাদ্রাসায় দুর্গাপূজার ছুটি তুলনামূলকভাবে কম। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ২০-২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিন পূজার ছুটি থাকবে।

এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা ৫ দিনের ছুটি পাবেন।