ডাকসুতে জিন্নাহর ছবি ছেঁড়া ব্যক্তি ঢাবির উর্দু বিভাগের শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সংগ্রহশালায় রক্ষিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সরাসরি ডাকসুতে প্রবেশ করে ছবিটি ভেঙে ছিঁড়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় অভিযুক্ত শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার ডাকসুর সংগ্রহশালায় প্রবেশ করে দেয়াল থেকে জিন্নাহর ছবিটি খুলে নেন। এরপর তিনি সেটি মেঝেতে আছাড় দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলেন।
জানা গেছে, আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের ছাত্র। বর্তমানে তিনি বিভাগটিতে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন। দীর্ঘ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের পাঠ কার্যক্রম থেকে বিচ্ছিন্ন ছিলেন। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তৎকালীন ছাত্রলীগের হামলার শিকার হয়ে তাকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি পুনরায় ভর্তি হয়ে অনার্সের পড়াশোনা শুরু করেন।
উল্লেখ্য, দীর্ঘ সংস্কারকাজ শেষে গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) ডাকসুর সংগ্রহশালাটি নতুন করে উন্মুক্ত করা হয়। সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ঐতিহাসিক ছবি যুক্ত করা হয়।
এর মধ্যে একটি ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জনসভার, যেখানে তিনি অখণ্ড পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কেবল ‘উর্দু’র নাম ঘোষণা করেছিলেন। এই ছবিটি সংগৃহীত রাখা নিয়ে ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়, যার ধারাবাহিকতায় আজ এ ঘটনা ঘটল।


