logo

শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলের তথ্য চেয়ে মাউশির চিঠি

শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলের তথ্য চেয়ে মাউশির চিঠি
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণের আগাম প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর অধীনস্থ সব মাঠপর্যায়ের কার্যালয়ের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক এই তথ্য প্রেরণের জন্য নির্দেশনা জারি করেছে মাউশি।

সম্প্রতি মাউশির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ইউনিট থেকে সংশ্লিষ্ট সব দপ্তরে এ সংক্রান্ত এক জরুরি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা ইনফরমেশন সিস্টেম (আইবাস++)-এর ‘অর্গানোগ্রাম সাব-মডিউল’ ডেটাবেজে জনবলের হালনাগাদ তথ্য যুক্ত করার কাজ চলমান রয়েছে।

এতে উল্লেখ করা হয়, সরকারি আর্থিক ব্যবস্থাপনা সুসংহত করতে এবং আইবাস++-এর বেতন নির্ধারণী সাব-সিস্টেম ব্যবহার করে ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’-এর আওতায় বেতন নির্ধারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মাউশি ও এর আওতাধীন মাঠপর্যায়ের দপ্তরসমূহের অনুমোদিত জনবলের সঠিক চিত্র ডেটাবেজে থাকা আবশ্যক।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এনাম কমিশনের পর সৃষ্ট অতিরিক্ত পদসমূহের তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে অন্তর্ভুক্ত করার জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা থেকে পৃষ্ঠাঙ্কিত সরকারি আদেশসহ (জিইউ) প্রতিষ্ঠানভিত্তিক তথ্য পাঠাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, একটি নির্দিষ্ট ছক অনুসরণ করে তথ্য প্রদান করতে হবে। ছকে থাকবে কার্যালয় বা প্রতিষ্ঠানের নাম, পদের নাম (বাংলা ও ইংরেজি), ১৩ ডিজিটের পদ কোড, পদের মূল স্কেল ও গ্রেড, পদভিত্তিক মোট কর্মচারীর সংখ্যা ও বিশেষ মন্তব্য (যদি থাকে)।

মাউশির চিঠিতে নির্ধারিত ছকের তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের নিকট জমা দিতে বলা হয়েছে। তথ্যের সফটকপি অবশ্যই ‘নিকষ’ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাটে [email protected] ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি অধিদপ্তরের ৫৩০ নম্বর কক্ষে সরাসরি হার্ডকপি জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।