সাইফকে নিয়ে দুই বোনের মজার তথ্য ফাঁস

নবাব পরিবারের সন্তান হলেও শৈশবে কোনো রকম ‘রাজকীয় সুযোগ-সুবিধা’ পাননি বলিউড তারকা সাইফ আলি খান এবং তার দুই বোন সোহা ও সাবা আলি খান। বিলাসিতার মাঝেও তাদের শেখানো হয়েছে টাকার অভাব। বিদ্যুৎ বা পেট্রোলের মতো নিত্যদিনের খরচ নিয়েও তাদের সচেতন করতেন বাবা মনসুর আলি খান পটৌডি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পটৌডি ভাইবোনের শৈশবের নানা মজার স্মৃতি শেয়ার করেন সোহা ও সাবা। আড্ডায় উঠে আসে সাইফের হাতখরচ ‘চুরি’ ও রাখির উপহার দেওয়া নিয়ে দুই বোনের মজার সব ঘটনা।
সোহা জানান, তাদের ছোটবেলায় রাজকীয় পরিবেশে রাখা হয়নি। ঘর থেকে বের হওয়ার সময় আলো-পাখা নেভানোর কথা মনে করিয়ে দিতে হলুদ কাগজে নোট লিখে রাখতেন বাবা। কারণ তিনি বিদ্যুৎ ও পেট্রোলের সঠিক মূল্য জানতেন। এমনকি সোহার গাড়িতে করে বন্ধুর বাড়ি যাওয়ার আবদারও বাতিল হতো পেট্রোল খরচের অজুহাতে।
এরপরই বড় ভাই সাইফের ছোটবেলার কীর্তি ফাঁস করেন সাবা। তখন পড়াশোনার জন্য ইংল্যান্ডে ছিলেন সাইফ। সাবা জানান, ছোটবেলায় তাদের ১০০ টাকা করে হাতখরচ দেওয়া হতো। আর সেই টাকা নাকি মাঝেমধ্যেই সাইফ লুকিয়ে তুলে নিতেন! এমনকি ব্রিটেনে সাইফের সঙ্গে দেখা করতে গেলে দুই বোনকে যে পাঁচ পাউন্ড করে দেওয়া হতো, সাইফ সেটাও ‘ধার’ করে নিতেন।
সাবা আরও একটি মজার ঘটনা মনে করে হেসে হেসে বলেন, একবার রাখিবন্ধনের সময় সাইফ সাবার নিজের ব্যাগ থেকেই টাকা চুরি করে পরে সেই টাকা দিয়ে সাবার জন্য রাখির উপহার কেনেন! সাবা বলেন, ‘আমি ভাবছিলাম আমার ওয়ালেট থেকে ৫০ টাকা কমে গেল কীভাবে! পরে বুঝতে পারি সেই টাকা কোথায় গেছে।’
পটৌডি রাজপরিবারে জন্ম নিলেও সাইফ, সোহা ও সাবার শৈশবে বিলাসিতার চেয়ে অর্থের সঠিক ব্যবহার ও অপ্রয়োজনীয় খরচ এড়ানোর শিক্ষাই প্রাধান্য পেয়েছে। আর তার সঙ্গেই জড়িয়ে ছিল মধ্যবিত্তসুলভ সহজ-সরল ও মিষ্টি সব খুনসুটি।
সূত্র: আনন্দবাজার
