logo
Advertisement

সাইফ আলী খানের ওপর হামলার দায় স্বীকার বাংলাদেশির

হিন্দুস্তান টাইমস
হিন্দুস্তান টাইমস
সাইফ আলী খানের ওপর হামলার দায় স্বীকার বাংলাদেশির
বলিউড অভিনেতা সাইফ আলী খান। ছবি: ইনস্টাগ্রাম

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের মামলায় নতুন মোড় এসেছে। মামলার অভিযুক্ত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরিফুল ইসলাম আদালতে দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করে মার্সি পিটিশন বা দয়ার আবেদন জানিয়েছেন। এ বিষয়ে সরকারি কৌঁসুলির কাছে জবাব চেয়েছেন আদালত।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) মুম্বাইয়ের একটি দায়রা আদালতে শরিফুল আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করে শাস্তির ক্ষেত্রে আদালতের নমনীয়তা প্রার্থনা করেন। আগামী ১১ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে।

মামলার বিবরণী অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জানুয়ারি রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাইফ আলী খানের ১২তলা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন শরিফুল। চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঢোকার পর ৫৪ বছর বয়সি অভিনেতা তাকে বাধা দিলে শরিফুল নিজের কাছে থাকা ছুরি নিয়ে সাইফের ওপর হামলা চালায়।

ঘটনার দুদিন পরই মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া শরিফুল বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। তার আইনজীবী বিপুল দুশিং পিটিআই-কে জানান, অভিযুক্ত শরিফুল ইসলাম স্বেচ্ছায় অপরাধ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বিচারকের কাছে আবেদন জানিয়েছেন।

আদালত এই বিষয়ে রাষ্ট্রপক্ষকে তাদের জবাব দাখিল করতে নির্দেশ দিয়ে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন বলে জানান তিনি।

চলতি মাসের শুরুর দিকে মুম্বাইয়ের অতিরিক্ত দায়রা জজ জিপি দেশমুখের আদালত অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া চালুর নির্দেশ দিয়ে অভিযোগ গঠন করেন।

শরিফুলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর মারাত্মক অস্ত্র ব্যবহার করে ডাকাতি, গুরুতর আঘাত প্রদান ও অনধিকার প্রবেশের পাশাপাশি অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে ‘বিদেশী আইন’ এবং ‘পাসপোর্ট বিধিমালা’র একাধিক ধারায় মামলা চলছে।

তবে এর আগে আদালতে শুনানি চলাকালে শরিফুল নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।