logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল অভিনেতা সোহেল খানের, জানালেন জয়

মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল অভিনেতা সোহেল খানের, জানালেন জয়
অভিনেতা সোহেল খান ও শাহরিয়ার নাজিম জয়। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম

শুটিংয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন অভিনেতা সোহেল খান। হোটেলের নিচে অপেক্ষা করছিল গাড়ি। কিন্তু কক্ষ থেকে বের হওয়ার পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। অভিনেতার মৃত্যুর ঠিক আগমুহূর্তে কী ঘটেছিল, সেই বর্ণনা দিয়েছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার হোটেল মম ইনে এ ঘটনা ঘটে। সেখানে ‘নসীব’ নামের একটি সিনেমার শুটিংয়ের জন্য অবস্থান করছিলেন সোহেল খানসহ ছবির অন্য শিল্পীরা।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহরিয়ার নাজিম জয় জানান, সেদিন শুটিংয়ের জন্য সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। ঘুম থেকে উঠে নাশতা করার পর শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। হোটেলের নিচে গাড়িও অপেক্ষা করছিল।

জয় বলেন, প্রোডাকশন ইউনিটের একজন সদস্য সোহেল খানকে নিতে তার কক্ষে যান। কক্ষ থেকে বের হওয়ার পরপরই হঠাৎ মাটিতে পড়ে যান এই অভিনেতা। এ সময় তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

প্রথমে বিষয়টি বুঝতে পারেননি উপস্থিত ব্যক্তিরা। সকালে নাশতায় ড্রাগন ফল খাওয়ার কারণে এমনটা হয়েছে কি না, তা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহেল খানের মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্ট দেন শাহরিয়ার নাজিম জয়। তিনি লেখেন, ‘হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। ... প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

শুটিংয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।