logo

নেপাল বা বাংলাদেশের মতো নয়, ভারতে সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক উপায়ে: প্রকাশ রাজ

ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে
নেপাল বা বাংলাদেশের মতো নয়, ভারতে সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক উপায়ে: প্রকাশ রাজ
ভারতীয় অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। ছবি: টাইমস অব ইন্ডিয়া

ভারতে সরকার পরিবর্তনের দাবির প্রতি সমর্থন জানিয়ে অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ বলেছেন, নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন ঘটাতে হবে। বাংলাদেশ ও নেপালে সাম্প্রতিক বছরগুলোতে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের ঘটনার সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, ভারত ওই দুই দেশের মতো নয়; দেশটির হাতে রয়েছে সংবিধান ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ।

শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লিতে প্রস্তাবিত তিরঙ্গা মিছিলের আগে এক বক্তব্যে এসব কথা বলেন প্রকাশ রাজ। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, ‘আমরা এই শাসনব্যবস্থার পতন চাই এবং গণতান্ত্রিক উপায়েই তা ঘটাব।’

এ সময় উত্তর প্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি।

সংবিধান ও ভোটাধিকারেই আস্থা

প্রকাশ রাজ বলেন, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও সাংবিধানিক কাঠামো সরকার পরিবর্তনের পথ তৈরি করে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নেপাল নই, আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন, গান্ধী আছেন, ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে, ভোট দেওয়ার অধিকার আছে।’

তার বক্তব্য অনুযায়ী, সরকার পরিবর্তনের দাবি তোলা মানেই বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। বরং প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোটের মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার।

বিক্ষোভকারীদের আটকের প্রতিবাদ

শুক্রবার দিল্লিতে প্রস্তাবিত তিরঙ্গা মিছিলের আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করার ঘটনায় প্রশ্ন তোলেন প্রকাশ রাজ।

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে সংগঠনটি।

প্রকাশ রাজের অভিযোগ, বিক্ষোভকারীদের দাবি নিয়ে আলোচনা না করে কেন্দ্রীয় সরকার তাদের দমনে শক্তি প্রয়োগ করছে। সরকারের আলোচনায় বসতে অনীহার কারণেই ক্ষমতা পরিবর্তনের দাবি আরও জোরালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রকাশ রাজ বলেন, ‘আপনারা আমাদের আলোচনার সুযোগ দিচ্ছেন না, বরং শক্তি প্রয়োগ করছেন। আপনারা আমাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন।’

‘আমাদের অস্ত্র সংবিধান’

শান্তিপূর্ণ প্রতিবাদ ও নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের দাবিকে নৈরাজ্য হিসেবে দেখার বিরোধিতা করেন প্রকাশ রাজ। তার মতে, নাগরিকরা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করেই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন।

তিনি বলেন, ‘আমাদের হাতে কোনো অস্ত্র নেই। আমাদের অস্ত্র হলো সংবিধান, আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার।’

তিরঙ্গা মিছিলের আগে বিক্ষোভকারীদের আটকের ঘটনাও সমালোচনা করেন এই অভিনেতা। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারাভিযানের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, জাতীয় পতাকা নিয়ে কর্মসূচি পালনে আগ্রহী তরুণদের কেন বাধার মুখে পড়তে হচ্ছে।

প্রকাশ রাজ বলেন, ‘আমি মোদিজিকে জিজ্ঞাসা করছি, আপনার ‘হর ঘর তিরঙ্গা’ স্লোগানের কী হলো? এ দেশের তরুণেরা তিরঙ্গা নিয়ে এগিয়ে যেতে চান।’

পুলিশি আচরণ নিয়ে উদ্বেগ, বিরোধীদের সংসদে সরব হওয়ার আহ্বান

বিক্ষোভকারীদের ওপর পুলিশি সহিংসতার অভিযোগও তোলেন প্রকাশ রাজ। তার দাবি, নারীরাও এ ধরনের আচরণের শিকার হচ্ছেন। এ বিষয়ে শীতকালীন অধিবেশনে সংসদে সরব হওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রকাশ রাজ বলেন, নাগরিকেরা রাজপথে প্রতিবাদ চালিয়ে যাবেন।

তার বক্তব্যে সরকার পরিবর্তনের দাবি, ভোটার তালিকা সংশোধন নিয়ে অভিযোগ এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার; এই তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে। তবে প্রকাশ রাজ স্পষ্ট করেছেন, ভারতে ক্ষমতার পরিবর্তন ঘটানোর পথ হিসেবে তিনি নির্বাচন ও সংবিধানসম্মত গণতান্ত্রিক প্রক্রিয়াকেই সমর্থন করেন।