logo

‘ককটেল ২’-এর সঙ্গে থাকছে দুই নতুন সিনেমার ঝলক

‘ককটেল ২’-এর সঙ্গে থাকছে দুই নতুন সিনেমার ঝলক
‘ককটেল ২’ সিনেমায় আছেন রাশমিকা, শাহিদ কাপুর ও কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

বলিউড এখন ভাসছে সিনেমার জোয়ারে। শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত রোমান্টিক কমেডি ‘ককটেল ২’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে আর মাত্র দুই দিন বাকি। ১৯ জুন সিনেমাটি বড় পর্দায় আসবে। তারকাখচিত কাস্ট, আধুনিক আবেদন আর দারুণ সব গানের কল্যাণে সিনেমাটি নিয়ে দর্শক মহলে এরই মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে।

‘ককটেল ২’ মুক্তির এই উন্মাদনার পারদ আরও বাড়িয়ে দিতে হল মালিক ও পরিবেশকদের জন্য যুক্ত হচ্ছে এক বড় চমক। বলিউড ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত আগামী দুটি বিগ বাজেট সিনেমার টিজার বড় পর্দায় দেখানো হবে এই সিনেমার সঙ্গেই।

দর্শকরা ‘ককটেল ২’ উপভোগ করার পাশাপাশি রাজকুমার রাও অভিনীত ‘প্রহার: দ্য উজ্জ্বল নিকম স্টোরি’ এবং শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ সিনেমার প্রথম ঝলক দেখার সুযোগ পাবেন। ভারতজুড়ে সাড়া জাগানো স্পেশাল পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকমের জীবন অবলম্বনে তৈরি ‘প্রহার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। অবিনাশ অরুণ পরিচালিত সিনেমাটি আগামী ৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, যেখানে রাজকুমারের দুর্দান্ত অভিনয় দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।

অন্যদিকে, লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ইথা’ সিনেমায় শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে কিংবদন্তি মারাঠি তামাশা শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের একটি শক্তিশালী ও চ্যালেঞ্জিং চরিত্রে। রণদীপ হুদা ও মোহেদ জিশান আইয়ুব অভিনীত সিনেমাটি আগামী ২৮ আগস্ট রক্ষা বন্ধন উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে।

এর আগেও ম্যাডক ফিল্মস তাদের এক সিনেমার সঙ্গে অন্য সিনেমার টিজার প্রকাশ করে চমক দিয়েছে, তাই এবারও সিনেমা হলে দর্শকদের জন্য ডাবল ধামাকা অপেক্ষা করছে বলা চলে। সব মিলিয়ে আগামী আগস্ট মাসজুড়ে বক্স অফিস শাসন করতে পুরোপুরি প্রস্তুত প্রযোজনা প্রতিষ্ঠানটি।