Advertisement

২০২৬ সালের সেরা ১০ কোরিয়ান সিনেমা

২০২৬ সালের সেরা ১০ কোরিয়ান সিনেমা
দর্শকদের জন্য এ বছর রয়েছে থ্রিলার, রহস্য, জম্বি ও রোমান্সের সমন্বয়ে বেশ কিছু কোরিয়ান সিনেমা

বিশ্বব্যাপী কোরিয়ান সিনেমার আবেদন অন্যরকমের। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রশিল্প গত কয়েক বছরে খুব বেশি স্মরণীয় সিনেমা উপহার দিতে পারেনি। হাতেগোনা কয়েকটি বক্স অফিসে ঝড় তুলেছে; কিন্তু সিনেদুনিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এমন সিনেমা প্রায় নেই বললেই চলে। তবে ২০২৬ সালে ফিরছেন দেশটির কয়েকজন কিংবদন্তি নির্মাতা, যার ফলে বছরটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। ইতিহাস, থ্রিলার, রহস্য, জম্বি ও মানবিক গল্পের সমন্বয়ে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। আর কিছু সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। সিনেমাগুলো একবার হলেও দেখতে হবে। বড় বাজেট ও আলোচিত কোরিয়ান সিনেমা নিয়েই এবারের আয়োজন।

১. দ্য কিংস ওয়ারডন

‘দ্য কিংস ওয়ারডন’ জোসন রাজবংশের ষষ্ঠ রাজা দানজংয়ের জীবনকাহিনি
‘দ্য কিংস ওয়ারডন’ জোসন রাজবংশের ষষ্ঠ রাজা দানজংয়ের জীবনকাহিনি

পরিচালক জ্যাং হাং-জুনের ঐতিহাসিক নাটক ‘দ্য কিংস ওয়ারডন’-এ উঠে এসেছে জোসন রাজবংশের ষষ্ঠ রাজা দানজংয়ের জীবনকাহিনি। মাত্র দুই বছর শাসন করার পর চাচার ষড়যন্ত্রে সিংহাসনচ্যুত হয়ে নির্বাসিত হন তিনি। সিনেমাটি মূলত দানজং ও তার বিশ্বস্ত কর্মকর্তা ইওম হিউং-দোর সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত। পনেরশ শতকের রাজনৈতিক অস্থিরতা ও রাজদরবারের ক্ষমতার লড়াইকে গুরুত্ব দিয়ে নির্মিত সিনেমাটি গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে।

২. হিউমিন্ট

হিউম্যান ইন্টেলিজেন্স কাহিনির সিনেমাটি মুক্তির পর থেকেই ঝড় তোলে
হিউম্যান ইন্টেলিজেন্স কাহিনির সিনেমাটি মুক্তির পর থেকেই ঝড় তোলে

‘এস্কেপ ফ্রম মোগাদিসু’ ও ‘স্মাগলার্স’-এর পর পরিচালক রিউ সিউং-ওয়ান আবারও বড় পরিসরের গুপ্তচর থ্রিলার নিয়ে পর্দায় হাজির হন। হিউম্যান ইন্টেলিজেন্স কাহিনির সিনেমাটি মুক্তির পর থেকেই ঝড় তোলে। ভ্লাদিভস্তক সীমান্ত এলাকায় সংঘটিত অপরাধ তদন্ত করতে গিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার গোপন এজেন্টদের মুখোমুখি সংঘর্ষের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। এতে অভিনয় করেছেন জো ইন-সাং, পার্ক জং-মিন, শিন সে-কিয়ং ও পার্ক হে-জুন।

৩. কলোনি

ইয়ন সাং-হো ফিরেছেন জম্বি ঘরানার ‘কলোনি’ দিয়ে
ইয়ন সাং-হো ফিরেছেন জম্বি ঘরানার ‘কলোনি’ দিয়ে

‘ট্রেন টু বুসান’-এর স্রষ্টা ইয়ন সাং-হো আবারও জম্বি ঘরানায় ফিরেছেন ‘কলোনি’ দিয়ে। অজ্ঞাত এক ভাইরাসের কারণে একটি ভবন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে আক্রান্ত ব্যক্তিরা অপ্রত্যাশিত রূপ ধারণ করে। ভবনে বেঁচে থাকা মানুষদের টিকে থাকার সংগ্রামই ছবির মূল বিষয়। দীর্ঘ ১১ বছর পর সিনেমাটি দিয়ে বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী জুন জি-হিউন। তার সঙ্গে অভিনয় করেছেন জি চ্যাং-উক, শিন হিউন-বিন ও কু কিও-হোয়ান।

৪. পিগ ভিলেজ

জনপ্রিয় তারকা মা ডং-সকের নতুন সিনেমা ‘পিগ ভিলেজ’
জনপ্রিয় তারকা মা ডং-সকের নতুন সিনেমা ‘পিগ ভিলেজ’

জনপ্রিয় তারকা মা ডং-সকের নতুন সিনেমা ‘পিগ ভিলেজ’ মূলত একটি আন্তর্জাতিক প্রযোজনা। গল্পে দেখা যাবে ‘হ্যামার’ নামের এক পেশাদার বেয়ার-নাকল বক্সারকে, যিনি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসা অপরাধীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তের কাছে এক রহস্যময় স্থানে জড়ো হন। সিনেমাটি পরিচালনা করেছেন ‘দ্য রাউন্ডআপ’ সিরিজের নির্মাতা লি সাং-ইয়ং। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ খ্যাত মাইকেল রুকার ও কলিন উডেল।

৫. পসিবল লাভ

এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত কোরিয়ান সিনেমা ‘পসিবল লাভ’
এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত কোরিয়ান সিনেমা ‘পসিবল লাভ’

২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত কোরিয়ান সিনেমাগুলোর তালিকায় শীর্ষের দিকেই থাকবে ‘পসিবল লাভ’। কারণ, আট বছর পর নতুন চলচ্চিত্র নিয়ে ফিরছেন কিংবদন্তি নির্মাতা লি চ্যাং-ডং, যিনি এর আগে ‘বার্নিং’, ‘ওয়াসিস’ ও ‘পিপারমিন্ট ক্যান্ডি’র মতো প্রশংসিত সিনেমা নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন জিওন দো-ইয়ন, সল কিয়ং-গু, জো ইন-সাং ও চো ইয়ো-জিয়ং।

৬. হোপ

এটি দক্ষিণ কোরিয়ার অন্যতম ব্যয়বহুল সিনেমা
এটি দক্ষিণ কোরিয়ার অন্যতম ব্যয়বহুল সিনেমা

‘দ্য চেজার’, ‘দ্য ইয়োলো সি’, ‘দ্য ওয়ালিং’-এর নির্মাতা না হং-জিন প্রায় এক দশক পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন। ‘হোপ’ নির্মিত হয়েছে রহস্যময় বন্দরগ্রাম হোপোকে কেন্দ্র করে, যেখানে অজানা এক সত্তার কারণে পুরো গ্রাম ধ্বংসের মুখে পড়ে। সেই বিপদের বিরুদ্ধে গ্রামবাসীর সংগ্রামই ছবির মূল বিষয়। দক্ষিণ কোরিয়ার অন্যতম ব্যয়বহুল সিনেমাটিতে আছেন হোয়াং জং-মিন, জো ইন-সাং, জং হো-ইয়ন, অ্যালিসিয়া ভিকান্ডার ও টেইলর রাসেল।

৭. ডোরা

সমুদ্রতীরবর্তী এক গ্রামে শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভোগা এক তরুণীর কাহিনি ‘ডোরা’
সমুদ্রতীরবর্তী এক গ্রামে শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভোগা এক তরুণীর কাহিনি ‘ডোরা’

প্রখ্যাত নির্মাতা জুলাই জুংয়ের নতুন সিনেমা ‘ডোরা’ একটি আবেগঘন মানবিক গল্প। সমুদ্রতীরবর্তী এক গ্রামে শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভোগা এক তরুণী আরেক নারীর সঙ্গে পরিচিত হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। ছবিটির সবচেয়ে বড় আকর্ষণ জাপানের জনপ্রিয় অভিনেত্রী সাকুরা আন্দো, যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো কোরিয়ান চলচ্চিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে রয়েছেন কিম দো-ইয়ন।

৮. হোয়াইট ব্লাস্ট

পার্ক সান-উর থ্রিলারটি রীতিমতো আলোড়ন তুলেছে
পার্ক সান-উর থ্রিলারটি রীতিমতো আলোড়ন তুলেছে

নবাগত পরিচালক পার্ক সান-উর থ্রিলার ‘হোয়াইট ব্লাস্ট’ রীতিমতো আলোড়ন তুলেছে। দুর্দান্ত অভিনয়ের জন্য শিল্পীরা রয়েছেন আলোচনায়। গল্পের কেন্দ্রীয় চরিত্র গাপ-সু, একজন স্টেশনমাস্টার, যিনি চাকরির শেষ দিনে তার উত্তরসূরির অপেক্ষায় থাকেন। ঠিক তখনই খবর আসে, একটি কারাবন্দি বহনকারী বাস দুর্ঘটনায় সব বন্দি পালিয়ে গেছে। এর মধ্যেই এক রহস্যময় যুবকের আবির্ভাব। এতে অভিনয়ে করেছেন কিম ইউন-সক, কু কিও-হোয়ান ও রো ইউন-সো।

৯. ক্যানভাস অব ব্লাড

ক্ষমতা, স্বপ্ন ও রাজনৈতিক দ্বন্দ্বের গল্প উঠে এসেছে সিনেমাটিতে
ক্ষমতা, স্বপ্ন ও রাজনৈতিক দ্বন্দ্বের গল্প উঠে এসেছে সিনেমাটিতে

নয় বছর পর আবারও পরিচালনায় ফিরেছেন সাড়া জাগানো সিনেমা ‘আ ট্যাক্সি ড্রাইভার’-এর পরিচালক জ্যাং হুন। জোসন যুগের বিখ্যাত চিত্রকর্ম ‘ড্রিম জার্নি টু দ্য পিস ব্লুসুম ল্যান্ড’কে ঘিরে নির্মিত এ ঐতিহাসিক নাটকে ক্ষমতা, স্বপ্ন ও রাজনৈতিক দ্বন্দ্বের গল্প তুলে ধরা হয়েছে। চিত্রকর্মটির প্রভাবে দুই রাজপুত্র—আনপিয়ং ও সুইয়াং—সিংহাসনের জন্য প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পার্ক বো-গাম ও কিম নাম-গিল।

১০. দ্য হোল

সিনেমাটি কোরিয়ান লেখক পিউন হে-ইয়ংয়ের পুরস্কারজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত
সিনেমাটি কোরিয়ান লেখক পিউন হে-ইয়ংয়ের পুরস্কারজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন অধ্যাপক ওউন। তার দেখাশোনার দায়িত্ব নেন শাশুড়ি ইউন-আ। কিন্তু ধীরে ধীরে তিনি ওউন ও তার মৃত মেয়ের বৈবাহিক জীবনের অন্ধকার সত্য আবিষ্কার করতে শুরু করেন। খ্যাতিমান নির্মাতা কিম জি-উনের নতুন ইংরেজি ভাষার সিনেমা ‘দ্য হোল’ নির্মিত হয়েছে কোরিয়ান লেখক পিউন হে-ইয়ংয়ের পুরস্কারজয়ী উপন্যাস অবলম্বনে। অভিনয়ে আছেন থিও জেমস, ক্রিশ্চিয়ান স্লেটার, জং হো-ইয়ন ও ইয়ম হ্যে-রান।