অবশেষে মুক্তির অনুমতি পেল সালমানের ‘মাতৃভূমি’

ভারত ও চীনের সীমান্ত সংঘাতের ঘটনা অবলম্বনে নির্মিত বলিউড সিনেমা ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে থাকা সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ফলে আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে আর বাধা নেই সালমান খান অভিনীত সিনেমাটির।
বুধবার (১৮ নভেম্বর) সিনেমাটিকে ‘ইউ/এ ১৬+’ ক্যাটাগরিতে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়। বোর্ডের ছাড়পত্র অনুযায়ী, সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ড।
শুরুতে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। তবে ভারত ও চীনের মধ্যকার সীমান্ত সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি নিয়ে কূটনৈতিক জটিলতা তৈরি হয়। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। নাম পরিবর্তনের পরও সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটছিল না। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির অনুমতি পাওয়ায় স্বস্তি ফিরেছে নির্মাতাদের মধ্যে।
২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত সংঘাতের ঘটনা অবলম্বনে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। বিষয়বস্তুতে চীনকে ঘিরে বিভিন্ন প্রসঙ্গ থাকায় সিনেমাটি নিয়ে আপত্তি উঠেছিল। ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলমান থাকায় সিনেমাটির মুক্তি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।
সব জটিলতা পেরিয়ে এবার বড় পর্দায় আসার অপেক্ষায় ‘মাতৃভূমি’। সিনেমাটিতে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, হীরা সোহাল, দয়াশঙ্কর পাণ্ডে, জেসন থাম, অভিলাষ চৌধুরী, বিপিন ভরদ্বাজ, সমর গিল, তেনজিন বোদ, তানিয়া দেশাই, জেইন শ ও অভিশ্রী সেনসহ আরও অনেকে।
সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘মাতৃভূমি’র।




