Advertisement

দক্ষিণীদের চেয়ে পারিশ্রমিকে এগিয়ে বলিউড নায়িকারা

দক্ষিণীদের চেয়ে পারিশ্রমিকে এগিয়ে বলিউড নায়িকারা
ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকারা

ভারতীয় সিনেভুবনে দক্ষিণী ইন্ডাস্ট্রির উত্থান গত কয়েক বছরে নতুন মাত্রা পেয়েছে। একের পর এক সাড়া জাগানো সিনেমা উপহার দিয়ে চমকে দিয়েছে বিশ্বব্যাপী সিনেমা ভক্তদের। দক্ষিণী সিনেমার রমরমা অবস্থা বাড়িয়ে দিয়েছে তারকাদের বাজারমূল্যও। বিশেষ করে অভিনেত্রীদের পারিশ্রমিকে এসেছে বড় পরিবর্তন। এখন অনেক অভিনেত্রীর পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, প্রযোজনা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও তাদের আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ বছর দক্ষিণীদের চেয়ে পারিশ্রমিকে এগিয়ে বলিউড অভিনেত্রীরা। এক নজরে দেখে নেওয়া যাক, ভারতীয় সিনেমায় বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী কারা।

প্রিয়াঙ্কা চোপড়া

‘দেশিগার্ল’ প্রিয়াঙ্কা এ বছরের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী
‘দেশিগার্ল’ প্রিয়াঙ্কা এ বছরের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী

অভিমানে বলিউড থেকে দীর্ঘদিন দূরে থাকা ‘দেশিগার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এ বছরের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষে। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অভিনয়ের জন্য ছবিপ্রতি তিনি ৩০ থেকে ৪০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। বলিউড থেকে হলিউড—দুই অঙ্গনেই সফল উপস্থিতির কারণে তার বৈশ্বিক ব্র্যান্ড ভ্যালু অন্যদের তুলনায় অনেক বেশি। এসব বিবেচেনায় বর্তমান সময়ে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।

আলিয়া ভাট

অভিনয় দক্ষতায় বর্তমানে বলিউডের নির্ভরযোগ্য তারকাদের একজন
অভিনয় দক্ষতায় বর্তমানে বলিউডের নির্ভরযোগ্য তারকাদের একজন

শীর্ষ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। অভিনয় দক্ষতা ও ধারাবাহিক বাণিজ্যিক সাফল্যের কারণে তিনি বর্তমানে বলিউডের নির্ভরযোগ্য তারকাদের একজন। ২০২৬ সালে ‘আলফা’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মতো বড় বাজেটের সিনেমার জন্য তিনি ২৫ থেকে ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’ও আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে সিনেমা ও ব্যবসা—উভয় ক্ষেত্রেই আলিয়া নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

দীপিকা পাড়ুকোন

বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন
বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন পারিশ্রমিকের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, প্রতি সিনেমার জন্য তিনি ২০ থেকে ৩০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। শুধু চলচ্চিত্র নয়, বিজ্ঞাপন ভুবনেও দীপিকা অন্যতম জনপ্রিয় মুখ। একটি বিজ্ঞাপনের জন্য তিনি ৭ থেকে ১০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন বলে জানা যায়। দীর্ঘদিন ধরে বলিউড মাতানো এই অভিনেত্রী হলিউডেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

কঙ্গনা রানাউত

অভিনয় ও রাজনীতি—দুই ক্ষেত্রেই সফল কঙ্গনা রানাউত
অভিনয় ও রাজনীতি—দুই ক্ষেত্রেই সফল কঙ্গনা রানাউত

অভিনয় ও রাজনীতি—দুই ক্ষেত্রেই সফল বলিউডের অন্যতম আলোচিত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কঙ্গনা রানাউত। এই অভিনেত্রী একটি সিনেমার জন্য ১৫ থেকে ২৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। নারীপ্রধান চরিত্রে অনন্য অভিনয় তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা ও পরিচালনার কাজেও যুক্ত রয়েছেন। স্বতন্ত্র অভিনয়শৈলী এবং শক্তিশালী পর্দা উপস্থিতির কারণে কঙ্গনা ভারতীয় সিনেমায় অন্যতম উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে বিবেচিত হন।

তৃষা কৃষ্ণন

সিনেমাপ্রতি ১৫ থেকে ১৮ কোটি রুপি পারিশ্রমিক নেন তৃষা কৃষ্ণন
সিনেমাপ্রতি ১৫ থেকে ১৮ কোটি রুপি পারিশ্রমিক নেন তৃষা কৃষ্ণন

দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের একজন। থালাপতি বিজয়কে নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনার তুঙ্গে এই নায়িকা। জানা যায়, সিনেমাপ্রতি ১৫ থেকে ১৮ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দেওয়া তৃষার জনপ্রিয়তা এখনও অটুট। তামিল ও তেলুগু—দুই ইন্ডাস্ট্রিতেই তার রয়েছে সমান চাহিদা। ইদানীং বেশ কিছু বড় বাজেটের প্রকল্পে কাজ করায় তার পারিশ্রমিকও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নয়নতারা

নয়নতারাকে ডাকা হয় লেডি সুপারস্টার
নয়নতারাকে ডাকা হয় লেডি সুপারস্টার

দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা দীর্ঘদিন ধরেই শীর্ষ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি দক্ষিণী সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর মর্যাদা ধরে রেখেছেন। বলিউডে ‘জওয়ান’-এ অভিনয়ের জন্য তিনি প্রায় ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড থেকেও তার উল্লেখযোগ্য আয় রয়েছে। ফলে তিনি এখনও ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রীদের একজন।

রাশমিকা মান্দানা

ভারতের ন্যাশনাল ক্রাশ রাশমিকা মান্দানা
ভারতের ন্যাশনাল ক্রাশ রাশমিকা মান্দানা

ভারতের ন্যাশনাল ক্রাশ রাশমিকা মান্দানা বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রির চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজন। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সাফল্যের পর তার জনপ্রিয়তা হুহু করে বেড়েছে। টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, সিনেমাটির জন্য তিনি ২ কোটি রুপি পারিশ্রমিক পান। পরে তার পারিশ্রমিক ধীরে ধীরে বৃদ্ধি পায়। বর্তমানে একটি সিনেমার জন্য তিনি ১৫ কোটি রুপি পর্যন্ত দাবি করছেন বলে গুঞ্জন রয়েছে। ইন্ডাস্ট্রিতে তার ক্রমবর্ধমান চাহিদা এ ধরনের আলোচনাকে আরও জোরালো করেছে।

সামান্থা রুথ প্রভু

সামান্থা রুথ প্রভু ওটিটি প্ল্যাটফর্মেও দারুণ জনপ্রিয়
সামান্থা রুথ প্রভু ওটিটি প্ল্যাটফর্মেও দারুণ জনপ্রিয়

তামিল, তেলেগু ও হিন্দি—তিন ইন্ডাস্ট্রিতেই সফলভাবে কাজ করে নিজের অবস্থান শক্ত করেছেন সামান্থা রুথ প্রভু। চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তিনি সমান জনপ্রিয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য তিনি প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। বহুমুখী অভিনয় দক্ষতা এবং দর্শকপ্রিয়তার কারণে সামান্থা বর্তমানে ভারতের দামি নারী তারকাদের একজন হিসেবে বিবেচিত হন।