logo

রণবীরের সঙ্গে দাম্পত্য সমালোচনা নিয়ে মুখ খুললেন আলিয়া

হিন্দুস্তান টাইমস
হিন্দুস্তান টাইমস
রণবীরের সঙ্গে দাম্পত্য সমালোচনা নিয়ে মুখ খুললেন আলিয়া
রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের সময়কার মুহূর্ত। ছবি: ব্লুমবার্গ

বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এমনকি তাদের সম্পর্ককে ‘অসম দাম্পত্য’ আখ্যা দিয়ে আলিয়াকে পরিস্থিতির শিকার হিসেবে তুলে ধরেছেন অনেকে। তবে বাইরের মানুষের এমন ধারণাকে অপমানজনক বলে মনে করেন অভিনেত্রী।

২০২২ সালের এপ্রিলে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আলিয়া ও রণবীর। একই বছরের নভেম্বরে তাদের ঘরে আসে কন্যাসন্তান রাহা। বিয়ের পর থেকে বিভিন্ন সাক্ষাৎকারে দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে করা মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়েছে।

Advertisement

সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা নিয়ে এক আলাপচারিতায় দাম্পত্যজীবন ঘিরে চলমান জল্পনা প্রসঙ্গে কথা বলেন আলিয়া। অভিনেত্রী জানান, নারীদের নিজেদের মন ও হৃদয়ের কথা বুঝতে উৎসাহিত করেন তিনি। অথচ তাকে এমন একটি কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা তার কাছে অপমানজনক।

আলিয়া বলেন, ‘আমি সবসময় নারীদের নিজেদের মন ও হৃদয়ের কথা বুঝতে উৎসাহিত করি। তাই এমন একটি কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে আমাকে দেখানো অপমানজনক।’

রণবীরের সঙ্গে সম্পর্কের বাস্তবতা তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘যে কোনো সম্পর্কের ভিত্তি হলো কোনো চেষ্টা ছাড়াই যখন মনে হয়, কেউ আপনাকে বুঝতে পারছে। কিছু না বললেও যখন মনে হয়, আপনার কথা শোনা হচ্ছে। আমার কাছে রণবীর তেমনই, আমাদের সম্পর্কের বাস্তবতা অন্য রকম।’

এর আগে ২০২৩ সালের মে মাসে এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তর্কের সময় তার গলার স্বর চড়া হয়ে গেলে রণবীর তা পছন্দ করেন না। স্বামী মনে করেন, মন খারাপ থাকলেও আচরণে নম্রতা বজায় রাখা জরুরি। এ কারণে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি।

আলিয়ার সেই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছিলেন, স্বামীকে খুশি রাখতে কি সবসময় নিজের আচরণ বদলাতে হয় অভিনেত্রীকে? সেই আলোচনা আরও জোরালো হয় পরবর্তী সময়ে দুজনের বিভিন্ন সাক্ষাৎকার ও প্রকাশ্যে একসঙ্গে উপস্থিত হওয়ার মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিশ্লেষণ সামনে আসার পর।

তবে এবার আলিয়ার বক্তব্যে স্পষ্ট, বাইরের মানুষের ধারণা দিয়ে তার দাম্পত্যজীবনের বাস্তবতা বিচার করতে চান না তিনি। রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের অবস্থান জানিয়ে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন, তাদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব অন্য কারও নয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।