logo

ভুয়া বিকিনি ছবি, আইনি লড়াইয়ে রুক্মিণী

ভুয়া বিকিনি ছবি, আইনি লড়াইয়ে রুক্মিণী
দক্ষিণী অভিনেত্রী রুক্মিণী বসন্ত। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী বসন্ত এবার আইনি লড়াইয়ে নামলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের শিকার হয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি এআই-জেনারেটেড নীল বিকিনি পরা ছবি ও ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। এ ধরনের কুরুচিপূর্ণ ছবি-ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করায় ব্যাপক বিতর্ক ও তারকাদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সামাজিকমাধ্যমে ভাইরাল ছবির প্রসঙ্গে আনুষ্ঠানিক বিবৃতিতে কন্নড় অভিনেত্রী জানান, ছড়িয়ে পড়া ছবিগুলো সম্পূর্ণ ভুয়া ও মনগড়া। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা চরম দায়িত্বজ্ঞানহীন এবং ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন।’ সূত্র: এনডিটিভি

সুইমিংপুলের পটভূমিতে তৈরি এ ভুয়া ক্লিপটি নিয়ে তীব্র জল্পনা ও গোপনীয়তার উদ্বেগ তৈরি হলে ‘কান্তারা চ্যাপ্টার ১’ অভিনেত্রী কঠোর ভাষায় মুখ খুলেছেন। রুক্মিণী আরও জানান যে, এ ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে তার টিম এরই মধ্যে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করছে। সবাইকে এই কনটেন্ট শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বরাবরই সোচ্চার দেশের জন্য আত্ম্যেৎসর্গকারী কর্নেল বসন্ত ভেনুগোপালের কন্যা রুক্মিণী। এর আগে ২০২৩ সালে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

২০১৯ সালে ‘বীরবল’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করা রুক্মিণী ‘সপ্ত সাগরদাছে এলো’, ‘বাঘীরা’ ও ‘বানাদারিয়াল্লি’র মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। দক্ষিণী মেগাতারকা রকিং স্টারের আসন্ন সিনেমা ‘টক্সিক’-এও দেখা যাবে রুক্মিণীকে।

‘টক্সিক’ মুক্তির আগে এ সাইবার হেনস্তার ঘটনা সেলিব্রেটিদের নিরাপত্তা ও এআইর অপব্যবহার নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিল।