এক ভুলেই দীর্ঘদিন শয্যাশায়ী রাকুল

মায়াবী চেহারা, মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ে সিনেদর্শকদের হৃদয়কে উষ্ণ করে রেখেছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। রুপালি পর্দায় বরাবরই হাসিখুশি উপস্থিতি আর ফিটনেস সচেতনতার জন্য সর্বজন প্রশংসিত এই তারকা অভিনেত্রী। বলিউড ও সাউথ—দুই ইন্ডাস্ট্রিতেই রয়েছে তার সরব উপস্থিতি।
ফিটনেস ধরে রাখার জন্য সব সময় কঠোর শরীরচর্চা করেন রাকুল। তবে এই স্বাস্থ্যসচেতনতার নেপথ্যে লুকিয়ে ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। সেই ভয়াবহ ঘটনায় দেড় মাসের বেশি তিনি শয্যাশায়ী ছিলেন। সম্প্রতি স্বামী জ্যাকি ভগনানির সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়ে সেই দুর্ঘটনার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী।
বলিউড এই সুন্দরী জানান, জিমে ৮০ কেজি ওজনের ডেডলিফট করার সময় একটি ছোট ভুলের কারণে বড় বিপদে পড়তে হয় তাকে। সব সময় নিরাপত্তা বেল্ট পরেই ডেডলিফট করলেও সেদিন তা না পরেই অনুশীলন শুরু করেছিলেন। আর সে সিদ্ধান্তই ডেকে আনে মারাত্মক চোট। সূত্র: পিঙ্কভিলা
অভিনেত্রী নিজেই স্বীকার করেন, সেদিনের সে ভুলের কারণে ডিস্ক স্লিপ হয়ে ৪০ দিন বিছানায় কাটাতে হয়েছে। এটি শুধু শারীরিক নয়, মানসিকভাবেও তাকে ভীষণভাবে ভেঙে দিয়েছিল। প্রাণোচ্ছল জীবন কাটানো রাকুলের জন্য সে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে উঠেছিল।
কঠিন সেই সময় ছায়ার মতো পাশে ছিলেন জ্যাকি ভগনানি। এজন্য স্বামীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন রাকুল।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘পতি পত্নী অর ওহ দো’ সিনেমায় অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। মুদাসসার আজিজ পরিচালিত এই রোমান্টিক কমেডিতে তার সঙ্গে রয়েছেন আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি ও সারা আলি খান।
.png)

