Advertisement

বাদশার সঙ্গে বিয়ের খবর নিশ্চিত করলেন ইশা রিখি

এশিয়া পোস্ট বিনোদন
বাদশার সঙ্গে বিয়ের খবর নিশ্চিত করলেন ইশা রিখি
বিয়ের কথা স্বীকার করলেন ইশা রিখি। ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল ভারতীয় জনপ্রিয় র‌্যাপার-গায়ক বাদশাকে নিয়ে। গুঞ্জন উঠেছিল, গোপনে বিয়ে করেছেন তিনি। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনপ্রিয় র‍্যাপারের সঙ্গে নিজের বিয়ের খবর নিশ্চিত করলেন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে তিনি এই গোপন বিয়ের কথা প্রকাশ্যে আনেন।

চলতি বছরের মার্চে এক ঘরোয়া বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই তারকা জুটির বিয়ে নিয়ে তুমুল চর্চা চলছিল। তবে এতদিন দুজনের কেউই মুখ খোলেননি। সম্প্রতি এক রহস্যময়ী নারীর সঙ্গে বাদশা হাত ধরে ছবি পোস্ট করেন। এরপরই ভক্তদের প্রশ্নবাণে জর্জরিত হতে থাকেন ইশা। সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ইনস্টাগ্রামে একে অন্যকে ফলো না করার বিষয়ে এক ভক্ত জানতে চাইলে রসিকতা করে ইশা বলেন, ‘হ্যাঁ, আমি বিবাহিত। তবে কেন আমরা একে অন্যকে ফলো করি না, তার ব্যাখ্যা আমার স্বামীরই দেওয়া উচিত। পতিদেব (বাদশা), দর্শকরা জানতে চাইছে, জলদি জবাব দিন!’

এখানেই শেষ নয়, স্বামীর সঙ্গে কোনো ছবি নেই কেন—ভক্তদের এমন প্রশ্নের জবাবে সবাইকে চমকে দিয়ে বাদশার কোলে বসা একটি মিষ্টি ও রোমান্টিক আলিঙ্গনের ছবি শেয়ার করেন ইশা। এ একটি ছবিই তাদের বিয়ের সব গুঞ্জনের ইতি টেনেছে।

১৯৯৩ সালে জন্ম নেওয়া ইশা রিখি পাঞ্জাবি সিনেমার পরিচিত মুখ। তিনি ‘জাট অ্যান্ড জুলিয়েট’, ‘হ্যাপি গো লাকি’ এবং বলিউডের ‘নবাবজাদে’ সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে এই তারকা দম্পতি লাইমলাইট থেকে দূরে নিজেদের বিবাহিত জীবন উপভোগ করছেন।